এসএসসি পরীক্ষা শুরু আজ

নিজস্ব প্রতিবেদক
Thumbnail image

কুমিল্লা শিক্ষাবোর্ডে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষা আজ মঙ্গলবার শুরু হচ্ছে। সকাল ১০ টায় বাংলা প্রথমপত্র দিয়ে এবারের পরীক্ষা শুরু হবে।

এবার গতবারের চেয়ে পরীক্ষার্থী কমেছে। এ বছর পরীক্ষা কেন্দ্র বেড়েছে চারটি। তিনটি বিভাগের মধ্যে বিজ্ঞান বিভাগে পরীক্ষার্থীর সংখ্যা বেশি। মেয়ে পরীক্ষার্থীর সংখ্যাও বেশি। প্রতিবছরই এসএসসিতে পরীক্ষার্থী কমেছে। গত চার বছরে পরীক্ষার্থী কমেছে ৩৮ হাজার ৯৪ জন। কুমিল্লা শিক্ষাবোর্ডের উপপরীক্ষা নিয়ন্ত্রক (মাধ্যমিক) মো. কবির উদ্দিন আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

পরীক্ষা নিয়ন্ত্রকের দপ্তর সূত্রে জানা গেছে, এ বছর পরীক্ষার্থী ১ লাখ ৪৭হাজার ১২ জন। ২০২৫ সালে এসএসসি পরীক্ষায় পরীক্ষার্থী ছিল ১ লাখ ৬৯ হাজার ৬৮০ জন। ২০২৪ সালে সব মিলিয়ে এসএসসি পরীক্ষায় অংশ নেয় ১ লাখ ৮০ হাজার ৬৭৯ জন। ২০২৩ সালে এসএসসি পরীক্ষার্থী ছিল ১ লাখ ৮৫ হাজার ১০৬ জন। গত চার বছরে পরীক্ষার্থীর সংখ্যা কমে এসেছে।

জানা গেছে, কুমিল্লা শিক্ষাবোর্ড কুমিল্লা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া, নোয়াখালী, ফেনী ও লক্ষীপুর জেলা নিয়ে। ছয় জেলায় এসএসসি পরীক্ষাকেন্দ্র ২৭৭ টি। এর মধ্যে সর্বোচ্চ কুমিল্লা জেলায় ১০২ টি। ফেনীতে সর্বনিম্ন কেন্দ্র ২১টি।

এ বছর ১ লাখ ৪৭ হাজার ১২ জন পরীক্ষার্থীর মধ্যে ৮৮ হাজার ৬২ জন মেয়ে। ছেলে ৫৮ হাজার ৯৫০ জন। সব বিভাগে মেয়ে পরীক্ষার্থী বেশি। মোট পরীক্ষার্থীর তিন ভাগের এক ভাগেরও বেশি কুমিল্লা জেলা। এ জেলা থেকে ৫১ হাজার ৬৪৭ জন পরীক্ষা দিচ্ছে। এক লাখেরও কম পরীক্ষার্থী পাঁচ জেলার। গত বছর ২৭৩ টি পরীক্ষাকেন্দ্র ছিল।

বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক রুনা নাহরীন বলেন, পরীক্ষা নীতিমালা মোতাবেক পরীক্ষা হবে। পরীক্ষা শুরুর অন্তত ৩০ মিনিট আগে হলে, পরীক্ষাকেন্দ্রে প্রবেশ করতে হবে।

কুমিল্লা শিক্ষাবোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মো. শামসুল ইসলাম বলেন, সরকারের নির্দেশনা, নীতিমালা অনুযায়ী পরীক্ষার জন্য সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। নকল মুক্ত পরিবেশে এসএসসি পরীক্ষা হবে।

এদিকে শিক্ষামন্ত্রী গত শনিবার সচিবালয়ে এক সভায় জানিয়েছেন, এসএসসিতে নীরব বহিস্কার হবে না। শিক্ষার্থীদের কোন ধরনের পরীক্ষা ভীতি যেন কাজ না করেন।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সম্পর্কিত