সমাজকল্যাণমন্ত্রী জাহিদ হোসেনের মায়ের মৃত্যু, প্রধানমন্ত্রীর শোক

আপডেট : ০৬ মে ২০২৬, ১৮: ১৭
Thumbnail image

সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেনের মা বেগম জেবুন্নেছা ইন্তেকাল করেছেন।

আজ বুধবার ভোর ৫টা ৩৮ মিনিটে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যকালে তার বয়স হয়েছিল ৮৩ বছর। পেশায় শিক্ষক জেবুন্নেছা মৃত্যুকালে দুই পুত্র ও দুই কন্যাসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গিয়েছেন। ১৯৪৪ সালে ময়মনসিংহের গফরগাঁওয়ে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম নেন জেবুন্নেছা।

এদিকে, বেগম জেবুন্নেছার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বুধবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

শোকবার্তায় তারেক রহমান মরহুমার পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জানান।

তিনি বলেন, শিক্ষকতা পেশায় অত্যন্ত নিষ্ঠাবান বেগম জেবুন্নেছা নিজের মেধা ও যোগ্যতা দিয়ে অসংখ্য শিক্ষার্থীকে সুশিক্ষিত করে গড়ে তুলেছেন, যারা বর্তমানে সমাজ ও দেশের বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখছেন। পাশাপাশি তিনি একজন আদর্শ মা হিসেবে তার সন্তানদেরও সুশিক্ষায় গড়ে তুলেছেন। একজন মহিয়সী নারী হিসেবে তিনি সবার কাছে শ্রদ্ধার পাত্র ছিলেন।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সম্পর্কিত