প্রতিবন্ধী মানুষদের পাশে দাঁড়ানোর আহ্বান তারেক রহমানের

Thumbnail image

যে যার অবস্থান থেকে প্রতিবন্ধী ও বিশেষ চাহিদা সম্পন্ন মানুষদের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। গতকাল শুক্রবার বগুড়া শহরের নাজ গার্ডেনে সিএসএফ গ্লোবালের আয়োজনে ডা. জুবাইদা রহমানের পক্ষ থেকে হুইল চেয়ার বিতরণ অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান। তারেক রহমান বলেন, প্রতিবন্ধী মানুষদের জন্য সুযোগ তৈরি করে দিতে পারলে তারা স্বাভাবিক মানুষের মতো সমাজে চলাফেরা করতে পারবে। তারাও সমাজেরই অংশ এবং তাদের ভেতরে অনেক প্রতিভা রয়েছে। অনুষ্ঠানে ডা. জুবাইদা রহমান সিএসএফ গ্লোবালের উদ্যোগের প্রশংসা করে বলেন, শিশু-কিশোরদের স্বাস্থ্য, শিক্ষা ও ক্রীড়াক্ষেত্রে সম্পৃক্ত করতে পরিকল্পিত রাজনীতির প্রয়োজন রয়েছে, যাতে তারা ভবিষ্যতে যোগ্য নাগরিক হিসেবে গড়ে উঠতে পারে। হুইল চেয়ার বিতরণের আগে বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিরা তাদের বক্তব্য দেন এবং শেষে গান পরিবেশন করেন। অনুষ্ঠানে বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা অ্যাডভোকেট মাহবুবুর রহমান, সাবেক এমপি হেলালুজ্জামান তালুকদার লালু, জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোশারফ হোসেনসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে তারেক রহমান জুমার নামাজ আদায়ের জন্য বাইতুর রহমান সেন্ট্রাল মসজিদে যান। সেখান থেকে তিনি রংপুরের উদ্দেশে দুপুর ২টার দিকে রওনা দেন।

১৫ বছরে কোনো উন্নয়ন হয়নি, হয়েছে দুর্নীতি: গত বৃহস্পতিবার মধ্যরাতে বগুড়া শহরের আলতাফুন্নেছা খেলার মাঠে জেলা বিএনপি আয়োজিত নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তারেক রহমান বলেন, দেশে গত ১৫ বছর কোনো উন্নয়ন হয়নি; সারা দেশ উন্নয়ন বঞ্চিত ছিল। শুধু তথাকথিত মেগা প্রজেক্টের নামে মেগা দুর্নীতি হয়েছে। এ দুর্নীতির টুটি চেপে ধরতে হবে। দুর্নীতি দূর করে দেশকে সামনের দিকে এগিয়ে নিতে হবে। আর দেশকে গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশার সভাপতিত্বে এবং সাংগঠনিক সম্পাদক সহিদ উন নবী সালাম ও কে এম খায়রুল বাশারের সঞ্চালনায় নির্বাচনি জনসভায় অন্যান্যের মধ্যে বিএনপির রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ওবায়দুর রহমান চন্দন, কেন্দ্রীয় বিএনপি নেতা সাইফুল ইসলাম, জয়নাল আবেদীন চাঁন, আলী আজগর তালুকদার হেনা, মাহবুবর রহমান হারেজ, বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক অধ্যাপক ডা. মওদুদ হোসেন আলমগীর পাভেল, চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য এ কে এম মাহবুবুর রহমান, আহসানুল তৈয়ব জাকির, তৌহিদুল আলম মামুন, এ কে এম সাইফুল ইসলাম, জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনের প্রার্থী মোশারফ হোসেন, বগুড়া-১ (সারিয়াকান্দি-সোনাতলা) আসনের প্রার্থী কাজী রফিকুল ইসলাম, বগুড়া-২ (শিবগঞ্জ) আসনের প্রার্থী মীর শাহে আলম, বগুড়া-৩ (আদমদীঘি-দুপচাঁচিয়া) আসনের প্রার্থী আবদুল মহিত তালুকদার, বগুড়া-৫ (শেরপুর-ধুনট) আসনের প্রার্থী গোলাম মোহাম্মদ সিরাজ, বগুড়া-৭ (গাবতলী-শাজাহানপুর) আসনের প্রার্থী মোরশেদ মিল্টন প্রমুখ বক্তব্য রাখেন। বগুড়া-৬ (সদর) আসনের প্রার্থী তারেক রহমান বক্তব্যের শুরুতে আবেগাপ্লুত হয়ে পড়েন। তিনি বিএনপির বিগত শাসনামলে উন্নয়নের কথা তুলে ধরে বলেন, শুধু বগুড়া নয়, সমগ্র বাংলাদেশের কথা চিন্তা করতে হবে। সমগ্র দেশকে এগিয়ে নিতে হবে। দেশ পরিচালনার দায়িত্ব পেলে শুধু বগুড়াবাসীর দাবির বিষয়ে চিন্তা করলে হবে না গোটা দেশকে এগিয়ে নিতে হবে। কারণ অন্য কোথাও বঞ্চিত না করে ন্যায্য অধিকার নিশ্চিত করার ক্ষেত্রে সতর্ক থাকতে হবে। চাকরিসহ সব কিছু হবে যোগ্যতার ভিত্তিতে। গত ১৫ বছরে দেশের শিক্ষা স্বাস্থ্যসহ সব সেক্টর ধ্বংস করে দেওয়া হয়েছে। তারেক রহমান আগামী নির্বাচনের গুরুত্ব তুলে ধরে বলেন, এই নির্বাচনে নিশ্চিত করবে দেশের মানুষের জবাবদিহিমুলক সরকার হবে কি হবে না। এই নির্বাচন দিক নির্দেশনা দেবে আগামীতে দেশ কোন দিকে পরিচালিত হবে। কাঙ্ক্ষিত লক্ষ্যে দেশকে নিতে চাইলে অবশ্যই গণতান্ত্রিক ব্যবস্থাকে প্রবর্তন করতে হবে। বক্তব্য শেষে তারেক রহমান বগুড়ার সাতটি আসনে ধানের শীষের প্রার্থীদের পরিচয় করিয়ে দেন ও সবার কাছে ভোট প্রার্থনা ও দোয়া কামনা করেন। এর আগে রাজশাহী ও নওগাঁয় নির্বাচনি জনসভা শেষে রাত ১২.২২ মিনিটে স্ত্রী ডা. জোবায়দা রহমানকে সঙ্গে নিয়ে বগুড়া শহরের আলতাফুন্নেছা স্কুলের খেলার মাঠের নির্বাচনি জনসভা মঞ্চে আসেন। এ সময় তিনি হাত নেড়ে উপস্থিত জনগণকে শুভেচ্ছা জানান। তখন জনসভা ছিল কানায় কানায় পূর্ণ। জনসমুদ্রের হাজার হাজার নারী-পুরুষের হর্ষধ্বনি দিয়ে তাদের স্বাগত জানান। তবে জনসভাস্থলে পৌঁছানোর আগে শহরের ভেতর দিয়ে আসার পথে রাস্তার দুই পাশে হাজার হাজার নেতাকর্মী ও সমর্থকরা দাঁড়িয়ে স্বাগত জানান।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সম্পর্কিত