সাবেক প্রতিমন্ত্রী মিজানুর রহমান সিনহার মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

Thumbnail image

সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী ও মুন্সীগঞ্জ বিএনপির আহবায়ক মিজানুর রহমান সিনহার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

আজ শনিবার এক শোকবার্তায় প্রধানমন্ত্রী বলেন, “দেশের রাজনীতি ও স্বাস্থ্য খাতে সিনহার অবদান সর্বদা শ্রদ্ধার সাথে স্মরণ করা হবে।” তারেক রহমান মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবার, আত্মীয়স্বজন ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান। প্রধানমন্ত্রীর প্রেস সচিব এ এ এম সালেহ শিবলী এসব তথ্য জানিয়েছেন।

দীর্ঘদিন সিঙ্গাপুরে চিকিৎসাধীন থাকার পর গতকাল শুক্রবার দিবাগত রাত ২টার দিকে ৮৩ বছর বয়সে মিজানুর রহমান সিনহা ইন্তেকাল করেন। মিজানুর রহমান সিনহা বিএনপির রাজনীতিতে দীর্ঘদিন সক্রিয় ছিলেন। তিনি দলটির কেন্দ্রীয় কমিটির কোষাধ্যক্ষ হিসেবেও দায়িত্ব পালন করেন। বিএনপির মনোনয়নে মুন্সীগঞ্জ-২ আসন (টঙ্গিবাড়ী-লৌহজং) থেকে ১৯৯৬ ও ২০০১ সালের জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হন। পরে ২০০৩ থেকে ২০০৬ সাল পর্যন্ত তিনি স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন। তিনি ২০২০ সালের ২২ জানুয়ারি বিএনপির সব পদ ও দায়িত্ব থেকে অব্যাহতি নেন।

পরে ২০২৫ সালের ২ ফেব্রুয়ারি তাকে মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহবায়ক করা হয়। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মুন্সীগঞ্জ-২ আসনে তিনি বিএনপির মনোনয়নও পান। তবে অসুস্থ হয়ে পড়লে পরিবারের সদস্যরা তাঁকে চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নিয়ে যান। ১৯৪৩ সালের ১৮ আগস্ট মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার ডহুরী গ্রামে মিজানুর রহমান সিনহার জন্ম। তিনি দেশের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী এক্মি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্বে ছিলেন। রাজনৈতিক কর্মকান্ডের পাশাপাশি সামাজিক ও জনকল্যাণমূলক কাজের জন্য এলাকায় তিনি পরিচিত ছিলেন।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সম্পর্কিত