ব্রাহ্মণবাড়িয়ায় বন্ধুকে কুপিয়ে হত্যার অভিযোগে যুবক গ্রেপ্তার

Thumbnail image

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে উমর হাসান (২৩) নামে এক যুবককে কুপিয়ে ও গলা কেটে হত্যা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার গভীর রাতে উপজেলার বিটঘর ইউনিয়নের মহেশপুর গ্রামে নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় নিহতের ঘনিষ্ঠ বন্ধু খাইরুল আমিনকে (২৪) শুক্রবার ভোরে গ্রেপ্তার করেছে পুলিশ।

নিহত উমর হাসান মহেশপুর গ্রামের জাকির হোসেনের ছেলে, আর গ্রেপ্তার খাইরুল একই গ্রামের পশ্চিমপাড়ার চাঁন মিয়ার ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, উমর ও খাইরুল দীর্ঘদিনের বন্ধু হলেও সম্প্রতি ব্যক্তিগত বিরোধের কারণে তাদের মধ্যে সম্পর্কের অবনতি ঘটে। এর জের ধরে বৃহস্পতিবার রাত আনুমানিক ২টার দিকে খাইরুল ঘরের সিদ কেটে উমরের কক্ষে প্রবেশ করে। এরপর ধারাল দা দিয়ে উমরের ঘাড় ও হাতে একাধিক কোপ মারার পর গলা কেটে মৃত্যু নিশ্চিত করে পালানোর চেষ্টা করে। চিৎকার শুনে উমরের মা রাহেলা বেগম ছেলের ঘরে প্রবেশ করলে খাইরুল তাকেও কুপিয়ে আহত করে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর ইসলাম জানান, পূর্ব শত্রুতার জের ধরে পরিকল্পিতভাবে উমরকে হত্যা করা হয়েছে। খবর পেয়ে পুলিশ দ্রুত অভিযান চালিয়ে মাত্র দুই ঘণ্টার মধ্যেই খাইরুলকে গ্রেপ্তার করে।

তিনি আরও জানান, হত্যাকাণ্ডে ব্যবহৃত দা উদ্ধার করা হয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সম্পর্কিত