রাতে ছুটির ঘোষণা

সকালে স্কুলে এসে ফিরে গেলো অনেক শিক্ষার্থী

Thumbnail image

নানা জল্পনা শেষে রমজান উপলক্ষে আজ থেকে দেশের সব প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে ছুটি শুরু হয়েছে। গতকাল বুধবার রাতে শিক্ষা মন্ত্রণালয় বাৎসরিক ছুটির তালিকা সংশোধন করে এ ছুটি ঘোষণা করে। তবে রাতে দেওয়া ঘোষণার বিষয়ে অনেক অভিভাবক জানতে পারেননি। স্কুল থেকেও রাতে কোনো নোটিশ দেওয়া হয়নি। এতে আজ বৃহস্পতিবার সাতসকালে স্কুলে গিয়ে ফিরে আসতে হয়েছে অনেক শিক্ষার্থী-অভিভাবককে। সকালে রাজধানীর বিভিন্ন স্কুলের সামনে এমন দৃশ্য দেখা গেছে। রাজধানীর বাড্ডা, বনশ্রী, মালিবাগ, মতিঝিলসহ বিভিন্ন এলাকার স্কুলের সামনে সকালে শিক্ষার্থী-অভিভাবকদের ভিড় দেখা যায়। পরে তারা নোটিশ দেখে ফিরে যান। কোথাও কোথাও অভিভাবকরা সন্তানকে নিয়ে স্কুলের গেটে দাঁড়িয়ে থাকলেও নোটিশ পাননি। পরে শিক্ষকদের সঙ্গে যোগাযোগ করে তারা স্কুল ছুটির বিষয়টি জানতে পারেন এবং বাসায় ফিরে যান। রমজানের প্রথম দিনে সেহরি-ফজরের নামাজ আদায় করে সাতসকালে স্কুলে এসে ফিরে যাওয়া অভিভাবকদের অনেকে এ নিয়ে ক্ষোভ জানিয়েছেন। গত বুধবার রাতে শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সংশোধিত ছুটির তালিকা প্রকাশ করেছে। তালিকা অনুযায়ী, প্রাথমিক ও মাধ্যমিক সব ধরনের বিদ্যালয়ে রমজানের ছুটি শুরু হয়েছে গতকাল বৃহস্পতিবার থেকে। এসব শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি চলবে আগামী ২৬ মার্চ পর্যন্ত। তবে ২৬ মার্চ পরবর্তী দুদিন (শুক্র ও শনিবার) সাপ্তাহিক বন্ধ থাকায় শিক্ষক-কর্মচারীরা কার্যত ২৮ মার্চ পর্যন্ত ছুটি ভোগ করবেন। অন্যদিকে, এবারের প্রকাশিত ছুটির তালিকা ও বর্ষপঞ্জি অনুযায়ী, মাদরাসা ও কলেজে পুরো রমজান মাসে ছুটি রাখা হয়েছিল। ফলে এসব প্রতিষ্ঠানে ১৮ ফেব্রুয়ারি থেকে ছুটি শুরু হয়েছে।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সম্পর্কিত