উচ্ছ্বসিত কুমিল্লাবাসী

ত্রয়োদশ সংসদের সূচনায় সভাপতিত্বে ড. খন্দকার মোশাররফ হোসেন

সাইফুল ইসলাম, দাউদকান্দি
আপডেট : ১২ মার্চ ২০২৬, ২১: ৩২
Thumbnail image

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে সভাপতিত্বের দায়িত্ব পাওয়ায় কুমিল্লা-১ (দাউদকান্দি ও মেঘনা) আসনের সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা ড. খন্দকার মোশাররফ হোসেনকে ঘিরে কুমিল্লাজুড়ে আনন্দের বন্যা বইছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও দেশ-বিদেশে অবস্থানরত অনেকেই তাঁকে অভিনন্দন জানিয়ে পোস্ট করছেন।

আজ বৃহস্পতিবার বেলা ১১টা ৫ মিনিটে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন স্পিকারের আসন খালি রেখে শুরু হয়। অধিবেশনের শুরুতে পবিত্র কোরআন তিলাওয়াত করা হয়। পরে বেলা সোয়া ১১টার দিকে বক্তব্য দেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান। বক্তব্যের শুরুতেই তিনি ১৯৭১ সাল থেকে বিভিন্ন আন্দোলন-সংগ্রামে শহীদদের স্মরণ করেন।

এরপর অধিবেশনে সভাপতিত্ব করার জন্য প্রবীণ রাজনীতিবিদ ও সরকারি দলের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা ড. খন্দকার মোশাররফ হোসেনের নাম প্রস্তাব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রস্তাবটি সমর্থন করেন সরকারি দলের আরেক সংসদ সদস্য মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এ ছাড়া বিরোধী দলীয় উপনেতা এবং জামায়াতের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহেরও ওই প্রস্তাবের প্রতি সমর্থন জানান।

সাধারণত নতুন সংসদের প্রথম অধিবেশন শুরু হয় বিদায়ী সংসদের স্পিকার বা ডেপুটি স্পিকারের সভাপতিত্বে। পরে তাঁদের তত্ত্বাবধানেই নতুন স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন করা হয়। তবে এবারের অধিবেশনে সেই প্রচলিত নিয়মের ব্যতিক্রম দেখা গেছে।

ড.খন্দকার মোশাররফ হোসেনের সভাপতিত্বে অধিবেশন শুরু হওয়ায় দাউদকান্দি ও মেঘনাসহ পুরো কুমিল্লায় আনন্দের অনুভূতি ছড়িয়ে পড়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে কুমিল্লাবাসীসহ দেশ-বিদেশে অবস্থানরত অনেকেই অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে পোস্ট করছেন এবং এটিকে দাউদকান্দি ও মেঘনা তথা কুমিল্লার জন্য গর্বের মুহূর্ত হিসেবে উল্লেখ করছেন।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সম্পর্কিত