গ্যাস সংকট কাটাতে ২ বছর সময় লাগবে: বাণিজ্যমন্ত্রী

Thumbnail image

দেশের চলমান গ্যাস সংকট দীর্ঘদিনের সমস্যা উল্লেখ করে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, প্রয়োজনীয় অবকাঠামো তৈরি করা গেলে আগামী দুই বছরের মধ্যে পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক হয়ে আসবে। তবে এই সময় শিল্পখাতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হওয়ায় সংকট মোকাবিলায় প্রচলিত ব্যবস্থার বাইরে গিয়ে বিকল্প সমাধান খোঁজা হচ্ছে বলেও জানান তিনি।

আজ শনিবার দুপুরে সিলেটে আধুনিক প্রযুক্তির মাধ্যমে কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় ২০২৬-২৭ অর্থবছরের জেলা পর্যায়ের বার্ষিক কর্মপরিকল্পনা প্রণয়ন ও বিগত বছরের বাস্তবায়ন মূল্যায়ন বিষয়ক কর্মশালা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

মন্ত্রী আরও বলেন, ‘দীর্ঘদিনের এই সংকট কাটাতে প্রয়োজন গ্যাস আমদানি ও সরবরাহ অবকাঠামোর সক্ষমতা বাড়ানো। এজন্য এলএনজি আমদানির পরিমাণ বাড়ানোর উদ্যোগ নেওয়া হচ্ছে।’

প্রয়োজনীয় অবকাঠামো তৈরিতে ২ বছরেরে মতো সময় লাগবে উল্লেখ করে মুক্তাদির বলেন, ‘এই দুই বছর শিল্পখাতের জন্য গুরুত্বপূর্ণ। তাই জরুরি ও প্রচলিত ব্যবস্থার বাইরে গিয়ে কোনো সমাধান করা যায় কিনা, তা নিয়েও সরকার কাজ করছে।’

এক্ষেত্রে মালয়েশিয়ার রাষ্ট্রীয় জ্বালানি প্রতিষ্ঠান পেট্রোনাস থেকে বড় জাহাজে এলএনজি এনে সাগরে ছোট জাহাজে স্থানান্তরের মাধ্যমে সরবরাহ বাড়ানোর একটি সম্ভাব্য উদ্যোগের কথাও তুলে ধরেন তিনি।

সিলেটে আধুনিক প্রযুক্তির মাধ্যমে কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় ২০২৬-২৭ অর্থবছরের জেলা পর্যায়ের বার্ষিক কর্মপরিকল্পনা প্রণয়ন ও বিগত বছরের বাস্তবায়ন মূল্যায়ন বিষয়ক কর্মশালায় কৃষি অধিদপ্তরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সম্পর্কিত