ব্রাহ্মণপাড়ায় বোনের বাসায় কিশোরের ঝুলন্ত মরদেহ

ব্রাহ্মণপাড়া প্রতিনিধি
Thumbnail image

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় বোনের ভাড়া বাসায় মো. জুনায়েদ (১৬) নামের এক মানসিক ভারসাম্যহীন কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল রোববার দিনগত রাত দেড়টার দিকে উপজেলার শশীদল গ্রামের মোতালেবের ভাড়া বাসায় এই ঘটনা ঘটে। জুনায়েদ ব্রাহ্মণপাড়া উপজেলার কান্দুঘর গ্রামের জয়নাল আবেদীনের ছেলে।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, কিশোর জুনায়েদ দীর্ঘদিন ধরে মানসিক রোগে ভুগছিল। গত ১ জুলাই সকাল সাড়ে ১০টার দিকে সে পরিবারের কাউকে কিছু না জানিয়ে উত্তর শশীদল পূর্বপাড়া গ্রামে তাঁর বোন সাদিয়া আফরিনের স্বামীর ভাড়া বাসায় বেড়াতে যায়। রাত দেড়টার দিকে জুনায়েদ ওই বাসার বাথরুমের ভেতর তোয়ালে রাখার স্ট্যান্ডের সাথে লুঙ্গি পেঁচিয়ে আত্মহত্যা করে।

দীর্ঘক্ষণ বাথরুমের দরজা বন্ধ থাকায় পরিবারের সদস্যদের সন্দেহ হয়। পরে জুনায়েদের বোন সাদিয়া আফরিন ও স্থানীয় লোকজন বাথরুমের দরজা ধাক্কা দিয়ে ভেতরে ঢুকে জুনায়েদকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। স্বজনেরা তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে নিচে নামালেও ততক্ষণে সে মৃত্যুর কোলে ঢলে পড়ে।

খবর পেয়ে ব্রাহ্মণপাড়া থানা-পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে লাশ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক মেডিসিন বিভাগে পাঠানো হয়েছে। জুনায়েদের মা পুলিশকে জানিয়েছেন, মানসিক রোগের কারণেই সবার অগোচরে তাঁর ছেলে গলায় লুঙ্গি পেঁচিয়ে আত্মহত্যা করেছে।

ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ভুক্তভোগী কিশোর মানসিক রোগে আক্রান্ত ছিল বলে প্রাথমিকভাবে জানা গেছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সম্পর্কিত