ধান মাড়াইয়ের মেশিনের তারে জড়িয়ে যুবকের মৃত্যু

ব্রাহ্মণপাড়া প্রতিনিধি
Thumbnail image

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় বিদ্যুৎ-চালিত ধান মাড়াইয়ের মেশিনের তারে জড়িয়ে সোহাগ (৩২) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। আজ রোববার বিকেলে উপজেলার ডগ্রাপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত সোহাগ ডগ্রাপাড়া গ্রামের প্রয়াত জয়দল হোসেনের ছেলে।

স্থানীয় বাসিন্দারা জানান, দুপুরে বাড়ির পাশের জমি থেকে কেটে আনা ধান মাড়াই করছিলেন সোহাগ। মাড়াই শেষে অসাবধানতাবশত মোটরের বিদ্যুতের তার গুটিয়ে রাখার সময় তিনি বিদ্যুতায়িত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। স্বজনেরা তাঁকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে বেলা ৫টার দিকে ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক নাইম আবদুল্লাহ জানান, হাসপাতালে নিয়ে আসার আগেই সোহাগের মৃত্যু হয়েছে।

দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক হোসেন বলেন, পুলিশ খবর পেয়ে লাশ উদ্ধার করেছে এবং এই বিষয়ে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সম্পর্কিত