ব্রাহ্মণপাড়া পানিতে ডুবে শিশুর মৃত্যু

ব্রাহ্মণপাড়া প্রতিনিধি
Thumbnail image

ব্রাহ্মণপাড়া চান্দলা ইউনিয়নে বাড়ির পাশের ডোবার পানিতে ডুবে সাবা আক্তার নামের ৩ বছর ৩ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। আজ রোববার বেলা সাড়ে ১১টার দিকে চান্দলা ইউনিয়নের দক্ষিণ চান্দলা রামচন্দ্রপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। সাবা আক্তার ওই গ্রামের জাকির মেম্বারের বাড়ির সোহাগ মিয়ার সন্তান।

পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, আজ সকালে খেলার ছলে সবার অজান্তে বাড়ির পাশের একটি ছোট ডোবায় পড়ে যায় শিশু সাবা। কিছুক্ষণ তাকে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা আশপাশে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে ডোবার পানিতে সাবাকে ভাসমান অবস্থায় দেখতে পান স্বজনেরা। পরে উদ্ধার করে দ্রুত ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক মো. তানভীর হোসেন পরীক্ষা-নিরীক্ষা শেষে শিশুটিকে মৃত ঘোষণা করেন।

চান্দলা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহাব উদ্দিন মুরাদ বলেন, ঘটনাটি অত্যন্ত হৃদয়বিদারক। খবর পেয়ে আমি নিহতের বাড়িতে গিয়ে শোকসন্তপ্ত পরিবারকে সমবেদনা জানিয়েছি।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সম্পর্কিত