মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কায় যুবক নিহত

বুড়িচং প্রতিনিধি
Thumbnail image

কুমিল্লায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কায় এক যুবক নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরেক যুবক। আজ রোববার কুমিল্লা-বুড়িচং-ব্রাহ্মণপাড়া সড়কের ইছাপুরা ৫ তারা মোড়ে মসজিদে নুরের সামনে এ ঘটনা ঘটে। নিহত যুবক বুড়িচং উপজেলার ষোলনল ইউনিয়নের খাড়াতাইয়া পশ্চিম পাড়ার প্রয়াত আবু জাহের মিয়ার নাতি শান্ত ইসলাম (২১)।

স্থানীয় ইউপি সদস্য মো. সেলিম জানান, শান্ত ইসলাম মোটরসাইকেলযোগে রোববার দুপুর ২টায় কুমিল্লার দিকে যাচ্ছিলেন। এসময় ইছাপুরা ৫ তারা মোড়ে মসজিদে নুরের সামনে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে একটি গাছের সঙ্গে তাদের মোটরসাইকেলটির ধাক্কা লাগে। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা উদ্ধার করে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

স্থানীয় সূত্র জানায়, শান্ত ইসলাম ছোটবেলা থেকেই খাড়াতাইয়ায় নানা আবু জাহের মিয়ার বাড়িতে বড় হয়েছেন। বুড়বুড়িয়া হাজী মার্কেটে তার একটি চটপটির দোকান ছিল। তার মামার নাম সোলাইমান। নিহত শান্ত ইসলামের পৈতৃক বাড়ি হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলায়। তিনি লাল মিয়ার ছেলে। তাঁর ৩ বোন রয়েছে। তিনি একমাত্র ছেলে।

এ বিষয়ে বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফুর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত শেষে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সম্পর্কিত