চৌদ্দগ্রামে সড়ক দুর্ঘটনায় নারী নিহত

চৌদ্দগ্রাম প্রতিনিধি
Thumbnail image

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চৌদ্দগ্রাম জামে মসজিদের সামনে হাঁটতে বের হয়ে বাসের ধাক্কায় রুজিনা বেগম(৩২) নামের এক নারী নিহত হয়েছেন। আজ শুক্রবার সকালে এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির বাড়ি উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের পেছাইমুড়ি গ্রামে। তিনি ওই গ্রামের নুরুল ইসলামের স্ত্রী।

নিহতের মামাতো ভাই বেলাল হোসেন ইয়াছিন বলেন, রুজিনা বেগম দীর্ঘদিন ধরে ডায়াবেটিস রোগে আক্রান্ত। তিনি সুস্থ্য থাকতে প্রতিদিন সকালে হাঁটেন। কয়েকদিন আগে চৌদ্দগ্রাম পৌরসভার কিং শ্রীপুর গ্রামে বাবা আবুল কাশেমের বাড়িতে বেড়াতে আসেন। সেখানেও প্রতিদিন ভোরে ফজরের নামাজ শেষে আশ-পাশের সড়কে হাঁটতেন। শুক্রবার সকালে রুজিনা বেগম বাবার বাড়ি থেকে প্রবাসী ভাই মো. ওয়াসিমসহ হেঁটে পাশ্ববর্তী জয়ন্তীনগর গ্রামে নানার বাড়িতে যাওয়ার সময় চৌদ্দগ্রাম বাজারের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বাসের ধাক্কায় ঘটনাস্থলে নিহত হয়েছেন। তিনি দুই ছেলে ও এক মেয়ে সন্তানের জননী।

মিয়াবাজার হাইওয়ে থানার উপ-পরিদর্শক রবিউল হোসেন বলেন, দুর্ঘটনার খবর পেয়ে নিহতের লাশ ফাঁড়ি থানায় আনা হয়। স্বজনের আবেদনের প্রেক্ষিতে আইনি প্রক্রিয়া লাশ হস্তান্তর করা হয়েছে।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সম্পর্কিত