দাউদকান্দিতে স্লিপার বাসে ভয়াবহ আগুন

দাউদকান্দি প্রতিনিধি
Thumbnail image

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দির ইলিয়টগঞ্জে রয়েল কক্স পরিবহনের একটি স্লিপার কোচে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। 

আজ সোমবার ভোরে ইলিয়টগঞ্জ রিলায়েবল সিএনজি ফিলিং স্টেশনের কাছে এ ঘটনা ঘটে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, কক্সবাজার থেকে ঢাকাগামী রয়েল কক্স পরিবহনের স্লিপার কোচটি ইলিয়টগঞ্জ এলাকায় পৌঁছালে সামনে থাকা একটি গাড়িকে ধাক্কা দেয়। এতে বাসটির সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়। পরে বাসের গ্যাস সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত হলে মুহূর্তের মধ্যে আগুন পুরো বাসে ছড়িয়ে পড়ে।

আগুন লাগার সঙ্গে সঙ্গে বাসের যাত্রীরা দ্রুত নেমে নিরাপদ স্থানে চলে যান। পরে আগুনে বাসটি সম্পূর্ণ পুড়ে যায়।

স্থানীয় টামটা গ্রামের বাসিন্দা বিল্লাল হোসেন মোল্লা বলেন, বাসে আগুন লাগতে দেখে তারা দৌড়ে ঘটনাস্থলে যান। বাসের সব যাত্রী নিরাপদে বের হতে পেরেছেন। তবে আগুনের ভয়াবহতা ছিল অনেক বেশি। পুরো বাসটি পুড়ে ছাই হয়ে গেছে।

ইলিয়টগঞ্জ হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মো. ফারুক ইসলাম বলেন, সামনে থাকা অন্য একটি বাসে ধাক্কা দেওয়ার পর স্লিপার কোচটিতে আগুনের ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে যাত্রীদের নিরাপদ স্থানে সরিয়ে নেয়।

তিনি আরও জানান, দুর্ঘটনাকবলিত বাসটির চালক ও স্টাফরা ঘটনার পরপরই পালিয়ে গেছে। বর্তমানে ক্ষতিগ্রস্ত বাসটি থানা হেফাজতে নেওয়া হয়েছে এবং মহাসড়কে যানবাহন চলাচল পুরোপুরি স্বাভাবিক রয়েছে।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সম্পর্কিত