দাউদকান্দিতে ডাকাতির প্রস্তুতি, মাদক ও মানবপাচার মামলার ১০ আসামি গ্রেপ্তার

দাউদকান্দি প্রতিনিধি
Thumbnail image

কুমিল্লার দাউদকান্দিতে পৃথক পৃথক অভিযানে ডাকাতির প্রস্তুতিকালে সাতজনসহ বিভিন্ন মামলার মোট ১০ জন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাঁদের কাছ থেকে দেশীয় অস্ত্র, ইয়াবা ও গাঁজা উদ্ধার করা হয়েছে।

দাউদকান্দি মডেল থানা সূত্রে জানা গেছে, গতকাল শুক্রবার দিবাগত রাত ১১টা ৫০ মিনিটে উপজেলার আমিরাবাদ ব্রিজ এলাকায় অভিযান চালিয়ে ডাকাতির প্রস্তুতিকালে সাতজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন মো. আকাশ (২০), মো. নিরব (২২), রিপন হোসেন (২২), রোমান (২২), মো. রিফাত (২০), ইমন (২৪) ও জাহিদ হাছান (২২)। তাঁরা দাউদকান্দি, তিতাস ও চান্দিনা উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দা।

পুলিশ জানায়, তাঁদের কাছ থেকে তিনটি চাপাতি, একটি ছোট রামদা, একটি ছুরি এবং দুটি সুইস গিয়ার উদ্ধার করা হয়েছে। একই অভিযানে রাসেল ভ‚ইয়া (২৭) নামের আরও একজনকে গ্রেপ্তার করা হয়।

এ ছাড়া বিশেষ অভিযানে ধর্ষণ ও মানবপাচার মামলার এজাহারভুক্ত আসামি মোহাম্মদ রুহুল আমিন (৪২)কে ঢাকার আন্তর্জাতিক বিমানবন্দর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

অন্যদিকে উপজেলার বারপাড়া ইউনিয়নের সাতপাড়া মোড়ে অভিযান চালিয়ে মাদক মামলার আসামি মো. রমজান সিকদার (৪৮)কে গ্রেপ্তার করে পুলিশ। এ সময় তাঁর কাছ থেকে ৬১টি ইয়াবা ট্যাবলেট ও ২০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল আলম জানান, গ্রেপ্তারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে পাঠানো হয়েছে।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সম্পর্কিত