দাউদকান্দিতে ডেঙ্গু রোগীদের মশারি বিতরণ

দাউদকান্দি প্রতিনিধি
Thumbnail image

দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন ডেঙ্গু রোগীদের মধ্যে মশারি বিতরণ করা হয়েছে। আজ সোমবার দুপুরে দাউদকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব), পৌর প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) নাহিদ আহমেদের উদ্যোগে রোগীদের মধ্যে মশারি দেওয়া হয়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনকালে নাহিদ আহমেদ ডেঙ্গু আক্রান্ত রোগীদের সঙ্গে কথা বলেন এবং তাঁদের চিকিৎসার বিষয়ে খোঁজখবর নেন। পরে হাসপাতালের চিকিৎসাসেবা ও রোগীদের প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করেন। এ সময় ডেঙ্গু রোগীদের প্রত্যেককে একটি করে মশারি দেওয়া হয়।

নাহিদ আহমেদ বলেন, ডেঙ্গু প্রতিরোধে চিকিৎসার পাশাপাশি মশার কামড় থেকে রোগীদের সুরক্ষিত রাখা জরুরি। হাসপাতালে ভর্তি ডেঙ্গু রোগীদের নিরাপত্তার কথা বিবেচনা করে পৌরসভার পক্ষ থেকে মশারি বিতরণের উদ্যোগ নেওয়া হয়েছে। একই সঙ্গে ডেঙ্গুর প্রজননস্থল ধ্বংস, বাড়ির আশপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা এবং জনসচেতনতা বাড়ানোর ওপর গুরুত্ব দেন তিনি।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হাবিবুর রহমান বলেন, হাসপাতালে ডেঙ্গু রোগীদের নিয়মিত চিকিৎসা ও প্রয়োজনীয় সেবা দেওয়া হচ্ছে। চিকিৎসার পাশাপাশি রোগীদের মশার কামড় থেকে সুরক্ষিত রাখাও গুরুত্বপূর্ণ। এ উদ্যোগ রোগীদের জন্য উপকারী হবে। ডেঙ্গুর উপসর্গ দেখা দিলে অবহেলা না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানান তিনি।

এ সময় আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) মেডিকেল অফিসার ডা. মেহেদী হাসান, পৌর সহকারী প্রকৌশলী মো. কামরুজ্জামান, স্যানিটারি ইন্সপেক্টর এম. কে. জামানসহ হাসপাতালের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সম্পর্কিত