দাউদকান্দিতে সাবেক উপজেলা চেয়ারম্যানের পিএসহ তিনজন গ্রেপ্তার

দাউদকান্দি প্রতিনিধি
Thumbnail image

দাউদকান্দিতে পৃথক বিশেষ অভিযানে সাবেক উপজেলা চেয়ারম্যানের ব্যক্তিগত সহকারী (পিএ) হিসেবে পরিচিত সানি হাসান, ধর্ষণ মামলার এক আসামি এবং চুরি মামলার এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ মঙ্গলবার গভীর রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাজেদুল ইসলামের দেয়া এক প্রেস রিলিজে এ তথ্য জানানো হয়েছে।

প্রেস রিলিজে বলা হয়, ওসির নির্দেশনায় এসআই আব্দুল আজিজ, এসআই আবু বাকার সিদ্দিক, এসআই আজিজুল ইসলাম, এসআই মনির হোসেন এবং সঙ্গীয় পুলিশ সদস্যরা পৃথক স্থানে বিশেষ অভিযান পরিচালনা করেন।

অভিযানের অংশ হিসেবে রাত দেড়টার দিকে দাউদকান্দি পৌরসভা উচ্চবিদ্যালয়ের সামনে থেকে তুজারভাঙ্গা এলাকার মো. শওকত ওসমানের ছেলে মো. সানি হাসানকে (৪০) গ্রেপ্তার করা হয়। প্রেস রিলিজে তাঁকে নিষিদ্ধ ঘোষিত একটি সংগঠনের সদস্য, দাউদকান্দি উপজেলা যুবলীগের পৌর শেখ রাসেল শিশু কিশোর পরিষদের সভাপতি উল্লেখ করা হয়েছে। সানি হাসান দাউদকান্দি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ আলীর ব্যক্তিগত সহকারী (পিএস) হিসেবে পরিচিত। পুলিশ জানিয়েছে, তাঁর বিরুদ্ধে একাধিক হত্যা মামলার অভিযোগ রয়েছে।

একই রাতে রাত আড়াইটার দিকে মালিগাঁও এলাকা থেকে ধর্ষণ মামলার এজাহারভুক্ত আসামি দোনারচর এলাকার রমজানকে (২৯) গ্রেপ্তার করা হয়।

পরে রাত সাড়ে তিনটার দিকে পৌরসভা এলাকা থেকে চুরি মামলার এজাহারভুক্ত আসামি সাহাপাড়া এলাকার মো. রিপনকে (৩১) গ্রেপ্তার করে পুলিশ।

প্রেস রিলিজে আরও বলা হয়, গ্রেপ্তারকৃত তিন আসামির বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে আদালতে পাঠানো হয়েছে।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সম্পর্কিত