হোমনায় বিদেশি পিস্তল ও গুলিসহ যুবক গ্রেপ্তার

হোমনা প্রতিনিধি
Thumbnail image

কুমিল্লার হোমনায় একটি বিদেশি পিস্তল ও এক রাউন্ড গুলিসহ মো. মনির হোসেন (৩৮) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

গতকাল মঙ্গলবার রাতে উপজেলার ঘাগুটিয়া ইউনিয়নের দুর্গাপুর গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গতকাল বুধবার তাকে আদালতে পাঠানো হয়েছে। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আনিস জানান, গ্রেপ্তারকৃত আসামিকে অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য আদালতে রিমান্ড আবেদন করা হবে। গ্রেপ্তার হওয়া মনির হোসেন দুর্গাপুর গ্রামের ইউনুছ মিয়ার ছেলে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে হোমনা থানার এসআই মোহাম্মদ মোসলেহ উদ্দিন ও এএসআই আল আমিন ফোর্স নিয়ে দুর্গাপুর গ্রামের ভূঁইয়া বাড়ি কবরস্থানের সামনে অভিযান চালান। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় মনিরকে আটক করা হয়। পরে সাক্ষীদের উপস্থিতিতে তল্লাশি চালিয়ে তার কোমর থেকে একটি সোনালী রঙের বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও এক রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়। পিস্তলের গায়ে 'মেইড ইন ইউএসএ' লেখা রয়েছে।

এ বিষয়ে হোমনা থানার পরিদর্শক (তদন্ত) দীনেশ চন্দ্র দাস গুপ্ত জানান, আসামির বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে। এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে এবং অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। তাকে যথাযথ প্রক্রিয়ায় আদালতে সোপর্দ করা হয়েছে।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সম্পর্কিত