আরও ১ জন গ্রেপ্তার

বিআরডিবি চেয়ারম্যান অপহরণ মামলায়

হোমনা প্রতিনিধি
Thumbnail image

কুমিল্লার হোমনায় উপজেলা বিআরডিবি চেয়ারম্যান মো. আক্তার হোসেনকে অপহরণ ও মুক্তিপণ আদায়ের মামলায় আরও একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার যুবকের নাম মো. হৃদয় (২৫)। তিনি উপজেলার দৌলতপুর গ্রামের আ. ছলামের ছেলে।

পুলিশ জানায়, গতকাল শুক্রবার রাতে হোমনা উপজেলা সদরের একটি ভাড়া বাসা থেকে তাকে আটক করা হয়।

প্রাথমিক তদন্তে জানা গেছে, অপহৃত চেয়ারম্যানের কাছ থেকে বিকাশের মাধ্যমে পাঠানো মুক্তিপণের টাকা গ্রহণ করেছিলেন এই হৃদয়। আজ শনিবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

মামলার বিবরণ অনুযায়ী, গত ৩ মার্চ হোমনা পৌরসভা এলাকা থেকে উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিমিটেডের (ইউসিসিএ লি.-বিআরডিবি) চেয়ারম্যান মো. আক্তার হোসেনকে অপহরণ করা হয়। ওই দিনই থানায় অপহরণ ও চাঁদাবাজি মামলা করেন ভুক্তভোগী। ঘটনার পরদিন আল আমিন নামে এক আসামিকে গ্রেপ্তার করেছিল পুলিশ।

হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোরশেদ আলম চৌধুরী গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মুক্তিপণ আদায়ের সঙ্গে হৃদয়ের সংশ্লিষ্টতা পাওয়া গেছে। মামলার অন্য আসামিদের ধরতেও পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সম্পর্কিত