লাকসামে খেলতে গিয়ে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
Thumbnail image

কুমিল্লার লাকসামে খেলতে গিয়ে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। আজ শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে পৌরসভার গন্ডামারা গ্রামে দৌলতগঞ্জ এতিমখানা মাদরাসা পুকুরে ডুবে তাদের মৃত্যু হয়।

মারা যাওয়া শিশুদের মধ্যে রয়েছে- গন্ডামারা গ্রামের মো. খোকন মিয়ার ছেলে মো. আফরান (৭) ও একই গ্রামের নাঈম মিয়া ছেলে মো. ইয়াসিন মিয়া (৫)।

স্থানীয়রা জানান, দৌলতগঞ্জ এতিমখানা মাদরাসার সিসিটিভি ফুটেজে দেখা গেছে দুই শিশু আফরান ও ইয়াসিন পুকুর পাড়ে খেলছিল। খেলতে খেলতে একপর্যায়ে তারা পুকুরের ঘাটলায় গিয়ে অসাবধানতাবশত পানিতে পড়ে ডুবে যায়। দুপুর সাড়ে ১২টার দিকে ওই মাদরাসার জনৈক শিক্ষক অজু করতে এসে দুই শিশুকে ভাসমান অবস্থায় দেখতে পান।

খবর পেয়ে দুই শিশুর পরিবারের লোকজন তাদেরকে উদ্ধার করে দ্রুত স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক দুইজনকেই মৃত ঘোষণা করেন। বিকেলে জানাজা শেষে দুই শিশুকে দাফন করা হয়েছে। একসঙ্গে দুই শিশুর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।

লাকসাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাকসুদ আহমদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুই পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সম্পর্কিত