অটোরিকশায় ছাগল নিয়ে পালানোর সময় আটক ২

লাকসাম প্রতিনিধি
Thumbnail image

কুমিল্লার লাকসামে ছাগল নিয়ে অটোরিকশা যোগে পালানোর সময় স্থানীয়দের হাতে দুজন আটক হয়েছেন। পরে অটোরিকশা ও ৫টি চুরি করা ছাগলসহ দুজনকে লাকসাম থানা পুলিশের নিকট সোপর্দ করেন স্থানীয়রা।

গতকাল বুধবার উপজেলার কান্দিরপাড় ইউনিয়নের নোয়াপাড়া বাজার এলাকায় লাকসাম-মুদাফরগঞ্জ সড়ক থেকে তাদের আটক করা হয় বলে জানিয়েছেন লাকসাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাকসুদ আহাম্মদ।

আটকরা হলেন- কোতোয়ালি থানা এলাকার আড়াইওড়া পালপাড়া গ্রামের আব্দুল হালিমের ছেলে মো. জনি (২৮) এবং জেলার ব্রাহ্মণপাড়ার দক্ষিণ চান্দলা বলাখাল এলাকার অহিদ মিয়ার ছেলে মো. বিল্লাল হোসেন (৩৫)।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, ঘটনার দিন ভোর রাতে উপজেলার কান্দিরপাড় ইউনিয়নের চানগাঁও গ্রামের মাদরাসা শিক্ষক মো. আবু তাহেরের বাড়ির পাশের একটি ঘর থেকে ৫টি ছাগল চুরি করে অটোরিকশা যোগে পালিয়ে যাচ্ছিলেন। এ ঘটনা টের পেয়ে চিৎকার দিয়ে পেছনে ধাওয়া করেন স্থানীয়রা। অটোরিকশাটি নোয়াপাড়া জামে মসজিদের পাশে লাকসাম-মুদাফরগঞ্জ সড়কে পৌঁছলে স্থানীয়রা তাদের আটক করেন। পরে ৫টি ছাগল ও অটোরিকশাসহ দুজনকে পুলিশের হাতে সোপর্দ করেন।

লাকসাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাকসুদ আহাম্মদ জানান, আটক জনির বিরুদ্ধে তিনটি এবং বিল্লালের বিরুদ্ধে একটি চুরির মামলা রয়েছে। এই ঘটনায় ছাগলের মালিক বাদী হয়ে লাকসাম থানায় একটি চুরির মামলা দায়ের করেছেন। পরে দুজনকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সম্পর্কিত