ডেঙ্গুতে আক্রান্ত হয়ে লাকসামে স্কুলশিক্ষকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
আপডেট : ২২ আগস্ট ২০২৬, ১২: ১৯
Thumbnail image

কুমিল্লার লাকসামে ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে খবির আহমেদ (৫৫) নামের এক স্কুলশিক্ষক মারা গেছেন। গতকাল শুক্রবার রাতে উন্নত চিকিৎসার জন্য রাজধানী ঢাকায় নেওয়ার পথে মারা যান তিনি।

খবির আহমেদ উপজেলার নবাব ফয়জুন্নেসা ও বদরুন্নেছা যুক্ত উচ্চ বিদ্যালয়ের গণিত বিষয়ের জ্যেষ্ঠ শিক্ষক ছিলেন। নবাব ফয়জুন্নেসা ও বদরুন্নেছা যুক্ত উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. কামাল হোসেন হেলাল ডেঙ্গুতে আক্রান্ত হয়ে খবির আহমেদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক জানান, খবির আহমেদের স্ত্রী রেহানা বেগমও একই বিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিষয়ের শিক্ষক।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও পারিবারিক সূত্রে জানা গেছে, গত ৪/৫ দিন ধরে তিনি জ্বরে ভুগছিলেন।

এসময় লাকসাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন তিনি। চিকিৎসাধীন অবস্থায় রক্ত পরীক্ষায় তাঁর ডেঙ্গু ধরা পড়ে। পরে কুমিল্লার একটি হাসপাতালে ভর্তি করা হয়। এক পর্যায়ে তার রক্তের প্ল্যাটিলেট কমতে থাকায় চিকিৎসকের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য শুক্রবার রাতে ঢাকায় নেওয়ার পথে তিনি মারা যান।

নবাব ফয়জুন্নেছা ও বদরুন্নেসা যুক্ত উচ্চ বিদ্যালয়ের জ্যেষ্ঠ শিক্ষক খবির আহমেদের মৃত্যুতে বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটি, শিক্ষক-শিক্ষার্থী, কর্মচারী ও অভিভাবকরা গভীর শোক প্রকাশ করেছেন। পাশাপাশি শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন তারা।

আজ শনিবার সকাল ১১টায় তার প্রথম নামাজে জানাজা নবাব ফয়জুন্নেছার ও বদরুন্নেছা যুক্ত উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে। দ্বিতীয় জানাজা বাদ জোহর ওই শিক্ষকের বাড়ি পার্শ্ববর্তী লালমাই উপজেলার কনকশ্রী গ্রামে অনুষ্ঠান শেষে মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সম্পর্কিত