রেললাইনে সেলফি তুলতে গিয়ে ট্রেনে কাটা পড়ে যুবক নিহত

নিজস্ব প্রতিবেদক
Thumbnail image

কুমিল্লার লালমাইয়ে রেললাইনে দাঁড়িয়ে সেলফি তুলতে গিয়ে ট্রেনে কাটা পড়ে মহি উদ্দিন (৩২) নামে এক যুবক নিহত হয়েছেন। আজ রোববার লালমাই উপজেলার বাগমারা দুধবাজার বাইপাস এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মহি উদ্দিন পার্শ্ববর্তী বরুড়া উপজেলার শিলমুড়ি ইউনিয়নের পশ্চিম চেঙ্গাহাটা গ্রামের শহিদুল ইসলামের ছেলে। তিনি পেশায় অটোরিকশাচালক ছিলেন।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র জানা যায়, অটোরিকশা নিয়ে বাগমারা বাজারে যান মহি উদ্দিন। তিনি রেললাইনে দাঁড়িয়ে একটি সেলফি তোলেন এবং সেটি 'ইসলামি শান্তি' নামের নিজের ফেসবুক আইডিতে পোস্ট করেন। পোস্টে তিনি লিখেছিলেন, 'আলহামদুলিল্লাহ, শুভ সকাল।' এর কিছুক্ষণের মধ্যেই ঢাকাগামী একটি ট্রেন চলে এলে সরে যাওয়ার আগেই তিনি ট্রেনের নিচে পড়ে যান। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এ বিষয়ে লাকসাম রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন বলেন, সম্ভবত নোয়াখালী থেকে ছেড়ে আসা ঢাকাগামী উপকূল ট্রেনে কাটা পড়ে মহি উদ্দিন নিহত হয়েছেন। আমরা ঘটনাস্থলে পৌঁছার আগেই নিহতের স্বজনরা মরদেহ বাড়ি নিয়ে গেছেন।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সম্পর্কিত