লালমাইয়ে জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে মতবিনিময় সভা

নিজস্ব প্রতিবেদক
Thumbnail image

কুমিল্লা জেলার লালমাই উপজেলায় জাতীয় শিক্ষা সপ্তাহ উদযাপন করা হয়েছে। এসময়ে শিক্ষার গুণগত মান উন্নয়ন এবং এসএসসি/দাখিল/এসএসসি (ভোকেশনাল) পরীক্ষা-২০২৬ সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে বাস্তবায়নের লক্ষ্যে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভাও অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সভার আয়োজন কওে লালমাই উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস।

মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন কুমিল্লা-১০ আসনের সংসদ সদস্য মো. মোবাশ্বের আলম ভূঁইয়া। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার উম্মে তাহমিনা মিতু। বিশেষ অতিথি ছিলেন লালমাই থানার পুলিশ পরির্শক (তদন্ত) সাইফুল ইসলাম। অনুষ্ঠানটি সমন্বয় করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদুল্লাহ।

সভায় বক্তারা শিক্ষার মানোন্নয়নে সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন। তাঁরা বলেন, শিক্ষার্থীদের মেধা বিকাশে বিদ্যালয় পর্যায়ে ইতিবাচক পরিবেশ নিশ্চিত করতে হবে এবং নকলমুক্ত পরীক্ষা আয়োজনের মাধ্যমে সুশিক্ষা প্রতিষ্ঠা করতে হবে।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মোবাশ্বের আলম ভূঁইয়া বলেন, আমি শিক্ষাবান্ধব সভাপতি চাই, যার নেতৃত্বে বিদ্যালয়ে ভালো ফলাফল নিশ্চিত হবে। মানসম্মত পড়ালেখার পাশাপাশি ইংলিশ ক্লাব গঠনের ওপর জোর দিতে হবে। আমরা প্রতিদিন অন্তত একটি ভালো কাজ করার মানসিকতা গড়ে তুলব।

তিনি আরও বলেন, শিক্ষার গুণগত উন্নয়ন নিশ্চিত করতে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টা অপরিহার্য।

সভায় উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান, শিক্ষকগণ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সম্পর্কিত