কুমিল্লা-৯ আসন

আপিলে প্রার্থীতা ফিরে পেলেন দোলা

মনোহরগঞ্জ প্রতিনিধি
Thumbnail image

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে দায়ের করা আপিলে কুমিল্লা-৯ (লাকসাম ও মনোহরগঞ্জ) আসনে স্বতন্ত্র প্রার্থী সামিরা আজিম দোলার মনোনয়ন বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)।

আজ বৃহস্পতিবার শুনানিতে তাঁর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়।

সামিরা আজিম দোলা বিএনপির জাতীয় নির্বাহী কমিটির কুমিল্লা বিভাগীয় সাবেক সাংগঠনিক সম্পাদক ও কুমিল্লা- ৯ আসনের সাবেক সংসদ সদস্য প্রয়াত কর্নেল (অব:) এম আনোয়ার উল আজিমের মেয়ে।

দলীয় সূত্রে জানা গেছে, লাকসাম ও মনোহরগঞ্জ উপজেলা বিএনপির তৃণমূলের নেতাকর্মী ও আনোয়ার উল আজিমের অনুসারীরা তাঁকে নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রার্থী করিয়েছেন। গত ৩ জানুয়ারি এক শতাংশ ভোটারের সইয়ে গড়মিল পাওয়ায় তাঁর মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করেন কুমিল্লা জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মু. রেজা হাসান। এরপর প্রার্থীতা ফিরে পেতে সামিরা আজিম দোলা রিটার্নিং কর্মকর্তার আদেশের বিরুদ্ধে আপিল কর্তৃপক্ষ নির্বাচন কমিশন সচিবালয়ে আবেদন করেন। এরই পরিপ্রেক্ষিতে আজ এ নিয়ে নির্বাচন কমিশনে শুনানি হয়। এতে কমিশন সামিরা আজিম দোলার মনোনয়ন বৈধ ঘোষণা করেন।

জানতে চাইলে সামিরা আজিম দোলা বলেন, আলহামদুলিল্লাহ আমি ন্যায় বিচার পেয়েছি। লাকসাম মনোহরগঞ্জবাসী আমাকে সাহস দিয়েছেন। তাঁদের জন্য এতটুকুন পথ পাড়ি দিয়ে আসছি।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সম্পর্কিত