সেই ইউনুছ ফারুকীকে এবার নাঙ্গলকোটে বদলি

নিজস্ব প্রতিবেদক
Thumbnail image

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) উপপরিচালক (সরকারি মাধ্যমিক শাখা) মো. ইউনুছ ফারুকীকে ২৪ ঘণ্টার মধ্যে নতুন কর্মস্থলে যোগদান করার প্রজ্ঞাপন জারি হয়েছে। তাঁকে কুমিল্লার নাঙ্গলকোট এ আর (আরিফুর রহমান) মডেল সরকারি উচ্চবিদ্যালয়ে বদলি করা হয়। তিনি আওয়ামী লীগ সরকারের আমল থেকে মাউশিতে ছিলেন। এর আগে তিনি কুমিল্লা জেলা শিক্ষা অফিসার পদে ছিলেন। তাঁর বিরুদ্ধে নানা ধরনের অনিয়মের অভিযোগ রয়েছে।

আজ সোমবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সরকারি মাধ্যমিক-১ শাখার উপসচিব তানিয়া ফেরদৌস স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে ওই তথ্য জানানো হয়।

ইউনুছ ফারুকীকে ৪ আগস্ট বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত হয়ে বদলিকৃত কর্মস্থলে যোগদানের জন্য বলা হয়। অন্যথায় ৪ আগস্ট অপরাহ্নে বর্তমান কর্মস্থল থেকে তাৎক্ষনিক অবমুক্ত বলে গণ্য হবেন।

কুমিল্লার অন্তত পাঁচজন শিক্ষক বলেন, কুমিল্লা জেলা শিক্ষা অফিসার থাকাকালীন তিনি শিক্ষকদের মধ্যে বিভাজন তৈরি করে একটি পক্ষকে সুবিধা দিয়েছেন। মাউশিতে গিয়েও তিনি অযোগ্য ব্যক্তিদের কুমিল্লার বিভিন্ন প্রতিষ্ঠানে বদলি করেন।

অভিযোগ প্রসঙ্গে মো. ইউনুছ ফারুকীর বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

নাঙ্গলকোট এ আর (আরিফুর রহমান) মডেল সরকারি উচ্চবিদ্যালয় কয়েক বছর আগে জাতীয়করণ করা হয়।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সম্পর্কিত