নিরাপদ খাদ্য উৎপাদনে বায়ো পেস্টিসাইড ব্যবহারে গুরুত্বারোপ

নাঙ্গলকোট প্রতিনিধি
Thumbnail image

কৃষিতে রাসায়নিক কীটনাশকের ব্যবহার কমিয়ে পরিবেশবান্ধব ও টেকসই কৃষি ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে কুমিল্লার নাঙ্গলকোটে বায়ো পেস্টিসাইড ব্যবহারের ওপর একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার নাঙ্গলকোট উপজেলা কৃষি অফিসের সম্মেলনকক্ষে ব্র্যাক সিড অ্যান্ড এগ্রো এন্টারপ্রাইজের উদ্যোগে ‘টেকসই কৃষি, পরিবেশ ও জনস্বাস্থ্য সুরক্ষায় বায়ো পেস্টিসাইডের ব্যবহার’ শীর্ষক এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

কর্মশালায় বক্তারা বলেন, রাসায়নিক কীটনাশকের বিকল্প হিসেবে বায়ো পেস্টিসাইডের ব্যবহার কৃষিকে আরও নিরাপদ ও পরিবেশবান্ধব করতে পারে। এর ব্যবহারে মাটির উর্বরতা বজায় থাকে, উপকারী প্রাণীর ক্ষতি কম হয়, ফসলের গুণগত মান উন্নত হয় এবং মানবস্বাস্থ্যের ঝুঁকিও হ্রাস পায়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন নাঙ্গলকোট উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. উজ্জল হোসেন। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত কৃষি কর্মকর্তা উত্তম কুমার পাল, ব্র্যাক সিড অ্যান্ড এগ্রো এন্টারপ্রাইজের রিজিওনাল সেলস ম্যানেজার মো. মনিরুজ্জামান খান, লাকসাম টেরিটরি অফিসার মো. রাসেল আলী, পিডিএস অফিসার বাসুদেব মণ্ডল, ডিলার মো. আনোয়ার হোসেনসহ স্থানীয় কৃষি উদ্যোক্তা, খুচরা বিক্রেতা ও কৃষকেরা।

দিনব্যাপী কর্মশালায় উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত প্রায় ৪৫ জন মডেল কৃষক ও খুচরা বিক্রেতা অংশ নেন। তারা বায়ো পেস্টিসাইডের ব্যবহার, প্রয়োগ কৌশল এবং মাঠপর্যায়ে এর কার্যকারিতা সম্পর্কে বিস্তারিত ধারণা লাভ করেন।

কৃষি বিশেষজ্ঞদের মতে, নিরাপদ খাদ্য উৎপাদন ও পরিবেশ সংরক্ষণের বর্তমান চ্যালেঞ্জ মোকাবিলায় বায়ো পেস্টিসাইড হতে পারে একটি কার্যকর ও সময়োপযোগী সমাধান। এ ধরনের উদ্যোগ কৃষকদের মধ্যে আধুনিক ও টেকসই কৃষি প্রযুক্তি সম্প্রসারণে সহায়ক ভ‚মিকা রাখবে বলে আশা সংশ্লিষ্টদের।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সম্পর্কিত