শতভাগ পাস ও জিপিএ পাঁচ পেলে পুরস্কারের ঘোষণা সংসদ সদস্যের

নিজস্ব প্রতিবেদক
আপডেট : ১০ আগস্ট ২০২৬, ২০: ১৯
Thumbnail image

নিজ সংসদীয় এলাকার প্রতিষ্ঠানের জন্য পুরস্কার ঘোষণা করেছেন কুমিল্লা-১০ ( নাঙ্গলকোট ও লালমাই) আসনের সংসদ সদস্য মোবাশ্বের আলম ভূঁইয়া। তিনি এসএসসিতে শতভাগ পাস করা প্রতিষ্ঠানের জন্য পাঁচলাখ টাকা এবং শতভাগ জিপিএ পাঁচ পাওয়া প্রতিষ্ঠানকে নিজ তহবিল থেকে ১০ লাখ পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছেন। আজ সোমবার বিকেলে এক ফেসবুক স্ট্যাটাসে এ ঘোষণা দেন তিনি। তাঁর এ ঘোষণায় ইতিবাচক মন্তব্য করছেন নেটিজেনরা।
ফেসবুক স্ট্যাটাসে তিনি বলেন, আসসালামু আলাইকুম। প্রিয় (কুমিল্লা-১০) নাঙ্গলকোট ও লালমাইবাসী, আপনারা নিশ্চয়ই অবগত হয়েছেন অদ্য এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ হয়েছে। যারা কৃতকার্য হয়েছে তাদের প্রতি আমার উষ্ণ অভিনন্দন। যারা কৃতকার্য হতে পারেনি তাদের উদ্দেশ্যে আমার এই লেখা। কৃতকার্য হওয়া একটি সার্টিফিকেট মাত্র। তোমাদের এই অকৃতকার্য হওয়া মানে জীবনের পরাজয় নয়। এই অকৃতকার্য হওয়ার জন্য তোমরা এককভাবে দায়ী নয়। এর জন্য আমিসহ তোমাদের শিক্ষক অভিভাবক সমাজ ব্যবস্থা দায়ী। আমরা হয়তো সমন্বিতভাবে তোমাদের পরিচর্যা করতে ব্যর্থ হয়েছি। সেই ব্যর্থতার অভিজ্ঞতার আলোকে আগামী দিনের জন্য প্রস্তুতি গ্রহণ করো। ইনশাল্লাহ, ভালো ফলাফল তোমাদের জন্য অপেক্ষা করছে। সেই লক্ষ্যে আমি শিক্ষক অভিভাবক এবং তোমাদের বিদ্যালয়ের নবনিযুক্ত  সভাপতিদের সমন্বয়ে একটি পরিকল্পনা গ্রহণ করব। তোমাদের জন্য আগামী দিনে ভালো কিছু অপেক্ষা করছে। ব্যর্থতা আমার জীবনেও বারবার এসেছে, আমি কিন্তু থেমে থাকিনি চূড়ান্ত বিজয়ের লক্ষ্যে পথ চলার চেষ্টা করেছি। এখনো আমার জীবনের চূড়ান্ত বিজয় আসেনি, আমার গতকালকের একটি লেখা যদি তোমাদের দৃষ্টিগোচরে আসে, 'ছদ্মবেশে একদিন এক রাত' শিরোনাম  তোমরা বুঝে নিবা। আমি সমস্যা নির্ণয় করে সমাধান করার চেষ্টা করি। আমি তোমাদের অভিভাবকদের ভোটে নির্বাচিত হওয়ার দিন থেকে আমার এলাকার শিক্ষার মান উন্নয়নে কাজ করে যাচ্ছি। কোথাও সফল হচ্ছি, কোথায়ও ব্যর্থ। আমি থেমে যাওয়ার পাত্র নয়, লক্ষ্য যেহেতু স্থির করেছি সফলতা ইনশাল্লাহ অবশ্যম্ভাবী। আজকের এই লিখার মাধ্যমে একটি ঘোষণা দিচ্ছি, আগামী বছর আমার নির্বাচনী এলাকায় যে প্রতিষ্ঠান শতভাগ পাস করবে সেই প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের জন্য আমার ব্যক্তিগত তহবিল  থেকে পাঁচ লক্ষ টাকা উপহার  ঘোষণা করছি। যে প্রতিষ্ঠানে শতভাগ জিপিএ-৫  পাবে সেই প্রতিষ্ঠান এর ছাত্র-ছাত্রীদের জন্য ১০ লক্ষ টাকা উপহার প্রদান করব। তুমি /তোমরা সেই উপহার পাওয়ার জন্য এবং তোমার পরিবারের /প্রতিষ্ঠানের মুখ উজ্জ্বল করার জন্য নিজেকে প্রস্তুত কর। আমি তোমাদের অভিভাবক/আপনজন হিসেবে পাশে থাকব ইনশাল্লাহ। ভয়কে জয় করার মানেই সফলতা। আল্লাহ আমাদের সহায় হোক।
এ বিষয়ে জানতে চাইলে সংসদ সদস্য মোবাশ্বের আলম ভূঁইয়া বলেন, এটি শুধু এসএসসির জন্য নয়- এইচএসসি, আলিম, দাখিল সকল শিক্ষা প্রতিষ্ঠানের জন্য আমার এ ঘোষণা। শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে কিছুটা অনিয়ম, বিশৃঙ্খলা আছে। এগুলো দূর করতে আমি শিগগিরই মাঠে নামব। আমি আশাবাদী, ভালো সুযোগ-সুবিধা ও পরিবেশ পেলে শিক্ষার্থীরা ভালো ফলাফল অর্জন করবে।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সম্পর্কিত