বিভ্রান্তি! সালমান শাহের মামলা নিয়ে মুখ খুললেন শাবনূর

আমার শহর বিনোদন ডেস্ক
আপডেট : ২৮ অক্টোবর ২০২৫, ১৪: ৫৭
Thumbnail image

​দীর্ঘ ২৯ বছর পর চিত্রনায়ক সালমান শাহের অপমৃত্যুর মামলাটি যখন আদালতের নির্দেশে হত্যা মামলা হিসেবে গ্রহণ করা হলো, ঠিক তখনই আবারও সামনে এলো নায়ক ও তাঁর সহ-অভিনেত্রী শাবনূরের সম্পর্ক নিয়ে পুরোনো গুঞ্জন। তবে এসব আলোচনা ও গুজবের পরিপ্রেক্ষিতে নীরবতা ভেঙে অবশেষে মুখ খুলেছেন নায়িকা শাবনূর।

​সোমবার রাতে নিজের ফেসবুক পোস্টে তিনি স্পষ্ট দাবি করেছেন, উদ্দেশ্যমূলকভাবে তাঁর নাম এই মামলার সঙ্গে জড়িয়ে বিভ্রান্তি ও মিথ্যা তথ্য ছড়ানো হচ্ছে।

​​বিদেশে অবস্থানরত শাবনূর তাঁর পোস্টে লেখেন, "২৯ বছর আগে কিংবদন্তী নায়ক সালমান শাহর মৃত্যুর ঘটনায় আদালতের নির্দেশে ২১ অক্টোবর রমনা থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। অনেকেই এ বিষয়ে আমার মন্তব্য জানতে চাইছেন... কিন্তু দুঃখজনকভাবে লক্ষ্য করছি, কিছু ব্যক্তি অসৎ উদ্দেশ্যে সালমান শাহ সংক্রান্ত এই মামলার সঙ্গে আমার নাম জড়িয়ে বিভ্রান্তিকর তথ্য ও ভ্রান্ত প্রচার ছড়াচ্ছে। আমার সম্পর্কে ভিত্তিহীন এসব গুজব ও অপপ্রচারের তীব্র নিন্দা জানাচ্ছি।"

​তিনি সবাইকে সত্যতা যাচাই ছাড়া ভ্রান্ত তথ্য প্রচার থেকে বিরত থাকার অনুরোধ জানান।

​প্রায় ১৪টি চলচ্চিত্রে সালমানের সঙ্গে জুটি বেঁধে কাজ করা শাবনূর তাঁকে "জনপ্রিয়, অসাধারণ শক্তিমান এবং প্রতিভাবান অভিনেতা" হিসেবে উল্লেখ করেন। তিনি মনে করেন, সালমানের সঙ্গে কাজ করেই তাঁর চলচ্চিত্র ক্যারিয়ার উজ্জ্বল হয়ে উঠেছিল। ​তবে সালমানের মৃত্যুর পর তিনিও ব্যক্তিগতভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন বলে দাবি করেন। শাবনূর লেখেন, "আমাদের জুটির সাফল্য একসময় অনেকের ঈর্ষার কারণ হয়ে দাঁড়িয়েছিলো। তার মৃত্যুর পর কেউ কেউ হয়তো বা নিজেদের বাঁচাতে উদ্দেশ্যমূলকভাবে আমার সঙ্গে সালমানের সম্পর্ক নিয়ে নানা গুঞ্জন ও বিভ্রান্তি ছড়িয়ে থাকতে পারে। যা আমাকে মানসিকভাবে ভীষণভাবে আঘাত করেছে।"

​এই নায়িকা স্পষ্ট করে বলেন, "আজও আমি স্পষ্ট করে বলতে চাই—সালমান শাহ কীভাবে মারা গেছে তা আমি সত্যিই জানি না। আমি শুধু তার মৃত্যুর সঠিক তদন্ত ও ন্যায়বিচার প্রত্যাশা করি। যেই দোষী হোক না কেন, তাকে যেন আইনের আওতায় এনে যথাযথ শাস্তি দেওয়া হয়—এটাই আমার একান্ত দাবি ও প্রত্যাশা।"

​সবশেষে তিনি সালমান শাহর মা নীলা আন্টির প্রতি আন্তরিক সহমর্মিতা জানান এবং সালমানের আত্মার মাগফিরাত কামনা করেন।

​প্রসঙ্গত, দীর্ঘ দিন ধরে পরিবার নিয়ে অস্ট্রেলিয়ার সিডনিতে বসবাস করছেন শাবনূর। একমাত্র সন্তান আইজানকে নিয়েই তাঁর বর্তমান ব্যস্ততা। গেলো বছর দেশে ফিরে কয়েকটি সিনেমার মহরতে অংশ নিলেও পরে শুটিং না করেই তিনি অস্ট্রেলিয়ায় ফিরে যান।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সম্পর্কিত