সাবেক এমপি শরিফুল ইসলাম জিন্নাহ গ্রেপ্তার

Thumbnail image

বগুড়া-২ (শিবগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য শরিফুল ইসলাম জিন্নাকে (৭৬) গ্রেপ্তার করা হয়েছে। বগুড়া ডিবি পুলিশের একটি দল আজ শুক্রবার ভোর সাড়ে ৩টার দিকে ঢাকার রমনা থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে। বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) আতাউর রহমান প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য দিয়েছেন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শরিফুল ইসলাম জিন্নাহ জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও বগুড়া জেলা শাখার সভাপতি। তিনি বগুড়ার শিবগঞ্জের মহাস্থান এলাকার মৃত আজিম উদ্দিনের ছেলে। জিন্নাহ বগুড়া-২ (শিবগঞ্জ) আসনে আওয়ামী লীগ নেতৃত্বাধীন জোটের শরীক জাতীয় পার্টি থেকে

গত ২০১৮ সালে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সংসদ সদস্য নির্বাচিত হন। এরপর ২০১৮ ও ২০২৪ সালে একই আসনে জাতীয় পার্টি থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। পলাতক অবস্থায় সর্বশেষ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করেন। মামলা থাকায় রিটার্নিং কর্মকর্তা তার মনোনয়নপত্র বাতিল করেন। আপিলে মনোনয়ন ফিরে পেলেও নির্বাচনি পরিবেশ না থাকার অজুহাতে তিনি নির্বাচন থেকে সরে আসেন।

বগুড়া ডিবি পুলিশের একটি দল তথ্য প্রযুক্তির মাধ্যমে তার অবস্থান নিশ্চিত হয়। এরপর আজ শুক্রবার ভোর সাড়ে ৩টার দিকে ঢাকার রমনা থানা এলাকা থেকে বগুড়ার শিবগঞ্জ থানার দণ্ডবিধির বিভিন্ন ধারা ও বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় তাকে গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে বগুড়ার বিভিন্ন থানায় হত্যা ও বিস্ফোরক দ্রব্য আইনের কয়েকটি ধারায় ১০টি মামলা হয়েছে। এ ছাড়া দুর্নীতি দমন কমিশনে তার বিরুদ্ধে আরও দুটি মামলা চলমান আছে।

বগুড়া ডিবি পুলিশের ওসি ইকবাল বাহার জানান, বেশ কয়েকটি মামলার আসামি সাবেক সংসদ সদস্য শরিফুল ইসলাম জিন্নাহকে আদালতের মাধ্যমে বগুড়া জেল হাজতে পাঠানো হবে। এ ছাড়া জিজ্ঞাসাবাদের জন্য তাকে রিমান্ডে নেওয়া হতে পারে।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সম্পর্কিত