লঞ্চের ধাক্কায় স্পিডবোট উল্টে পুলিশ সদস্য নিখোঁজ, আহত ৫ সরকারি কর্মকর্তা

Thumbnail image

ভোলার লালমোহনে মেঘনা নদীতে মৎস্য রক্ষা অভিযানে গিয়ে লঞ্চের ধাক্কায় স্পিডবোট উল্টে মো. ফখরুল ইসলাম নামে এক পুলিশ কনস্টেবল নিখোঁজ হয়েছেন। এই ঘটনায় স্পিডবোটে থাকা মৎস্য অভিযান টিমের অপর ৫ সদস্য আহত হয়েছেন। তাদের উদ্ধার করে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

গতকাল বুধবার রাত ৮টার দিকে লালমোহনের মঙ্গলসিকদার লঞ্চঘাট এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিখোঁজ কনস্টেবল ফখরুল মঙ্গলসিকদার পুলিশ তদন্ত কেন্দ্রে কর্মরত ছিলেন। তার বাড়ি বরিশালের বাকেরগঞ্জ উপজেলায়।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, ঈদে ঘরমুখো যাত্রী নিয়ে ঢাকা থেকে চরফ্যাশনের বেতুয়াগামী ‘এমভি কর্ণফুলী-১২’ লঞ্চটি সন্ধ্যা ৭টার দিকে মঙ্গলসিকদার ঘাটে পৌঁছে। ওই একই সময়ে মার্চ-এপ্রিল দুই মাসের মাছ ধরা নিষেধাজ্ঞা তদারকি করতে উপজেলা মৎস্য অফিসের ৩ জন সদস্য ও ৩ জন পুলিশ কনস্টেবল একটি স্পিডবোটে করে অভিযানে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন।

অভিযান টিমে ছিলেন লালমোহন মৎস্য অফিসের অফিস সহকারী আব্বাস উদ্দিন, ক্ষেত্র সহকারী মনোয়ার হোসেন ও সাইফুল ইসলাম সোহাগ এবং পুলিশের ৩ জন কনস্টেবল। লঞ্চটি ঘাটে ভেড়ানোর সময় এর পেছনের প্রফেলারের (পাখা) ধাক্কায় মৎস্য রক্ষা টিমের স্পিডবোটটি উল্টে যায়। এতে নৌকায় থাকা ৫ জন সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও নিখোঁজ হন কনস্টেবল ফখরুল।

লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. অলিউল ইসলাম জানান, নিখোঁজ পুলিশ সদস্যকে উদ্ধারে কোস্টগার্ড ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল নদীতে তল্লাশি চালাচ্ছে। সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সম্পর্কিত