চাঁদপুরে ব্রিজের রেলিং ভেঙে বাস খাদে পড়ে আগুন

Thumbnail image

চাঁদপুরের কচুয়া উপজেলার সাজিরপাড় এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের রেলিং ভেঙে খাদে পড়ে গেছে আল-আরাফাহ্ নামে যাত্রীবাহী একটি বাস। এ সময় বাসে আগুন লেগে অধিকাংশ পুড়ে যায়। তবে যাত্রী না থাকায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

আজ বুধবার ভোরে কচুয়া-সাচার-গৌরীপুর সড়কের সাজিরপাড় এলাকার বাসিন্দা রফিকুল ইসলামের বাড়ির পাশেই এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, সেহেরির সময় হঠাৎ বিকট শব্দ শুনে বাইরে বের হয়ে আগুনের লেলিহান শিখা দেখতে পান তারা। স্থানীয়রা দ্রুত আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন এবং ফায়ার সার্ভিস ও পুলিশকে খবর দেন। তবে দুর্ঘটনার পরপরই বাসের চালক ও হেলপার ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। স্থানীয় বাসিন্দা সজীব হোসেন বলেন, বাসটি যাত্রীবিহীন অবস্থায় ভোরে ঢাকার উদ্দেশে রওনা হয়েছিল। ঈদ সামনে রেখে যাত্রী আনার প্রস্তুতির সময়ই এ দুর্ঘটনা ঘটে। কচুয়া ফায়ার সার্ভিস স্টেশনের স্টেশন কর্মকর্তা ছিদ্দিকুর রহমান বলেন, বাসটি প্রায় ৮০ শতাংশ পুড়ে গেছে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, খাদে পড়ে যাওয়ার পর তেলের ট্যাংক বিস্ফোরিত হয়ে আগুনের সূত্রপাত ঘটে।

তিনি আরও বলেন, চালকের বেপরোয়া গতি কিংবা ঘুমের কারণেই দুর্ঘটনাটি ঘটতে পারে। বাকি তদন্ত করা হলে প্রকৃত ঘটনা বলা যাবে।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সম্পর্কিত