সাবেক সংসদ সদস্য সেলিমা আহমাদ মেরী মারা গেছেন

নিজস্ব প্রতিবেদক
Thumbnail image

কুমিল্লা-২ (হোমনা ও তিতাস) আসনের আওয়ামী লীগ দলীয় সাবেক সংসদ সদস্য, কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সহসভাপতি, দেশের অন্যতম শিল্পগোষ্ঠী নিটল-নিলয় গ্রুপের ভাইস চেয়ারম্যান, নারী উদ্যোক্তা সেলিমা আহমাদ মেরী মারা গেছেন। আজ রোববার সন্ধ্যা ৭টা ৪০মিনিটে তিনি থাইল্যান্ডে ব্যাংককে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৫ বছর।

সেলিমা আহমাদ দেশের অন্যতম শিল্পগোষ্ঠী নিটল-নিলয় গ্রুপের ভাইস চেয়ারম্যান। এ ছাড়া তিনি বাংলাদেশ উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (বিডব্লিউসিসিআই) সভাপতির দায়িত্বে ছিলেন। দেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি ও নিটল-নিলয় গ্রুপের চেয়ারম্যান মাতলুব আহমাদের সহধর্মিণী সেলিমা আহমাদ। ২০১৮ সালের ৩০ ডিসেম্বর তিনি একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য হন। ওই নির্বাচনে তিনি বিএনপি স্থায়ী কমিটির সদস্য, সাবেক মন্ত্রী ও বর্তমান সংসদ সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনকে পরাজিত করেন।

জানতে চাইলে নিটল-নিলয় গ্রুপের প্রতিষ্ঠান হিরো মোটোকর্প নিলয় বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা বিজয় কুমার মণ্ডল বলেন, থাইল্যান্ডের ব্যাংককে বামরুনগ্রাদ ইন্টারন্যাশনাল হাসপাতালে সেলিমা আহমাদ দীর্ঘদিন ধরে চিকিৎসাধীন ছিলেন। আজ তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। মঙ্গলবার তাঁর মরদেহ দেশে আনা হবে।

সেলিমা আহমাদ ২০১৪ সালে অসলো বিজনেস ফর পিস অ্যাওয়ার্ড পেয়েছেন। ব্যবসার সঙ্গে সামাজিক মূল্যবোধের সমন্বয় সাধনের মাধ্যমে শান্তি ও স্থিতিশীলতা সৃষ্টিতে অবদানের স্বীকৃতিস্বরূপ তাঁকে এই পুরস্কার দেওয়া হয়।

তিনি সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর নারী পুরুষের মধ্যে সমতা গড়ে তোলার অঙ্গীকার করেছিলেন। জেলার একমাত্র নারী সংসদ সদস্য প্রার্থী ছিলেন ওই নির্বাচনে। স্বাধীনতার পর ওই আসনে আওয়ামী লীগ থেকে তিনি একমাত্র সংসদ সদস্য হন।

বাংলাদেশ উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রতিষ্ঠাতা সভাপতি তিনি। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ব্যবস্থাপনা বিভাগে এম কম ডিগ্রি অর্জন করেন।

তাঁর বাবার বাড়ি তিতাস নদীর পাড়ে হোমনা উপজেলার পাথালিয়াকান্দি গ্রামে। নানারবাড়ি তিতাস উপজেলার আকালিয়া গ্রামে। ১৯৬০ সালের ৭ জুলাই তিনি জন্মগ্রহণ করেন।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সম্পর্কিত