আজ থেকে বিশেষ নৌরুটে লঞ্চ চলাচল, সদরঘাটে মালামাল পরিবহনে নিষেধাজ্ঞা

Thumbnail image

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ঘরমুখো মানুষের নিরাপদ ও নির্বিঘ্ন যাত্রা নিশ্চিত করতে একাধিক বিশেষ নৌরুটে লঞ্চ চলাচলের ঘোষণা দিয়েছে কর্তৃপক্ষ। একইসঙ্গে ঈদকে কেন্দ্র করে যাত্রীবাহী নৌযানে মালামাল পরিবহন ও বাল্কহেড চলাচলে সাময়িক নিষেধাজ্ঞাও আরোপ করা হয়েছে। গতকাল শনিবার নৌপরিবহন মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, আজ রোববার থেকে ঢাকার অদূরে কাঞ্চন ব্রিজ সংলগ্ন শিমুলিয়া টুরিস্ট ঘাট থেকে শিমুলিয়া-চাঁদপুর-ঈদগাঁও নৌরুটে লঞ্চ চলাচল করবে।

এছাড়া ঢাকার বসিলা লঞ্চঘাট থেকে হাকিমুদ্দিন, চাঁদপুর, মুলাদি, গলাচিপা, বরিশাল ও ইলিশা রুটে লঞ্চ চলাচল শুরু হবে। সেবা সংক্রান্ত যেকোনো তথ্যের জন্য বিআইডব্লিউটিএ’র হটলাইন নম্বর ১৬১১৩ এ যোগাযোগ করতে বলা হয়েছে বিজ্ঞপ্তিতে। ঈদযাত্রা নিরাপদ রাখতে সদরঘাট থেকে ঈদের আগের পাঁচ দিন সব যাত্রীবাহী নৌযানে মালামাল পরিবহন সম্পূর্ণ বন্ধ থাকবে। একইসঙ্গে ঈদের পরবর্তী পাঁচ দিন দেশের অন্যান্য নদীবন্দর থেকে সদরঘাটগামী যাত্রীবাহী নৌযানেও মালামাল বহন নিষিদ্ধ থাকবে। এছাড়া গতকাল শনিবার থেকে আগামী ২ জুন পর্যন্ত দিন-রাত সার্বক্ষণিক সব ধরনের বাল্কহেড চলাচল বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।

অন্যদিকে ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত নিত্যপ্রয়োজনীয় ও দ্রুত পচনশীল পণ্যবাহী ট্রাক ছাড়া সাধারণ ট্রাক ও কাভার্ড ভ্যান ফেরিতে পারাপার বন্ধ থাকবে বলেও জানানো হয়। যাত্রীদের নিরাপত্তার স্বার্থে নৌকা বা ট্রলার থেকে লঞ্চে ওঠানামা না করার অনুরোধ জানিয়েছে কর্তৃপক্ষ। একইসঙ্গে দুর্ঘটনা এড়াতে বাস থেকে নেমে পায়ে হেঁটে ফেরিতে ওঠার আহ্বান জানানো হয়েছে।

জরুরি প্রয়োজনে ও সেবা সংক্রান্ত বিষয়ে বিআইডব্লিউটিএ’র হটলাইন ১৬১১৩ ছাড়াও জাতীয় জরুরি সেবা ৯৯৯, সরকারি তথ্য ও সেবা ৩৩৩, ফায়ার সার্ভিস ১০২, কোস্ট গার্ড ১৬১১১ এবং নৌপুলিশের ০১৭৬৯-৭০২২১৫ নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সম্পর্কিত