নোয়াখালীতে নিখোঁজ ব্যক্তির লাশ উদ্ধার

Thumbnail image

নোয়াখালীর সদর উপজেলায় নিখোঁজ হওয়ার দুদিন পর একটি পুকুর থেকে রঞ্জিত কুরী (৫৩) নামে এক ব্যক্তির ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ।

আজ শনিবার সকাল ১১টার দিকে উপজেলার গোনাই রামশংকর এলাকা লাশটি উদ্ধার করা হয়। নিহত রঞ্জিত কুরী নোয়াখালী পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা এবং প্রকাশ চন্দ্র কুরীর ছেলে।

স্থানীয়রা জানায়, গত বৃহস্পতিবার দুপুরে বাড়ি থেকে বের হওয়ার পর থেকে রঞ্জিত কুরীর কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। পরিবারের সদস্যরা আত্মীয়-স্বজন ও সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি।

দুদিন পর আজ শনিবার সকালে পুকুরে লাশ ভাসতে দেখে এলাকাবাসী বিষয়টি থানায় জানান। পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। এদিকে পরিবারের পক্ষ থেকে জানা গেছে, রঞ্জিত কুরী আগে থেকেই মানসিক সমস্যায় ভুগছিলেন।

সুধারাম মডেল থানার ওসি তৌহিদুল ইসলাম জানান, নিহতের শরীরে দৃশ্যমান কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। মৃত্যুর প্রকৃত কারণ জানতে লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সম্পর্কিত