দেবীদ্বারের এমপি হাসনাতের উদ্দেশে স্পিকার 'এটা শাহবাগ চত্বর নয়'

Thumbnail image

জাতীয় সংসদে হইচই করার সময় কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসনের সংসদ সদস্য মো. আবুল হাসনাতকে (হাসনাত আবদুল্লাহ) উদ্দেশ্য করে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম বলেছেন, দিস ইজ নট শাহবাগ স্কয়ার, দিস ইজ পার্লামেন্ট (এটা শাহবাগ চত্বর নয়, এটা সংসদ)।

গতকাল শুক্রবার মাগরিবের নামাজের পর জাতীয় সংসদের অধিবেশনে সংশোধিত আকারে জুলাই স্মৃতি জাদুঘর বিল পাস নিয়ে সরকারি দল ও বিরোধী দলের মধ্যে বিতর্কের সময় হাসনাতের উদ্দেশে এ কথা বলেন স্পিকার।

হাসনাত জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক।

বিরোধী দলের অভিযোগ, জাতীয় সংসদের বিশেষ কমিটির বৈঠকের সমঝোতার ব্যত্যয় ঘটিয়ে সরকারি দল সংশোধিত আকারে জুলাই স্মৃতি জাদুঘর বিল পাস করেছে। এর প্রতিবাদে ওয়াকআউট করেছে বিরোধী দল। এ বিষয়ে বিরোধী দলের নেতা শফিকুর রহমান ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম কয়েক দফায় বক্তব্য দেন। এ নিয়ে আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদও পাল্টা জবাব দেন।

দুই পক্ষের বিতর্কের মাঝামাঝিতে স্পিকার হাফিজ উদ্দিন আহমদও বিরোধী দলকে শান্ত করার চেষ্টা করেন। এ সময় স্পিকার অতীতের সংসদ ও বর্তমান সংসদের তুলনা করেন। অতীতের তুলনায় বর্তমান সংসদকে খুবই সহযোগিতামূলক, প্রাণবন্ধ ও কার্যকর বলেও অভিহিত করেন। স্পিকারের বক্তব্যের সময় জুলাই আন্দোলনের সম্মুখসারির নেতা ও এনিসিপির সংসদ সদস্য মো. আবুল হাসনাত নিজ আসন থেকে দাঁড়িয়ে সরকারি দলের ভূমিকার প্রতিবাদ জানান, হইচই করতে থাকেন।

এ সময় স্পিকার হাসনাতের উদ্দেশে বলেন, 'এত অসহিষ্ণু হলে চলবে না, মিস্টার আবদুল্লাহ। দিস ইজ নট শাহবাগ স্কয়ার, দিস ইজ পার্লামেন্ট (এটা শাহবাগ চত্বর নয়, এটা সংসদ)। এখানে ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে, শুনতে হবে।'

স্পিকারের এই মন্তব্যের পর সংসদে জোরে চিৎকার-চেঁচামেচি শোনা যায়। এর মধ্যে স্পিকার কথা বলতে থাকেন। তিনি বলেন, 'এখানে (সংসদে) মৌখিক কথা বলার স্কোপ (সুযোগ) খুবই কম। নোটিশ দেবেন, আমরা তা আমলে নেব।'

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সম্পর্কিত