দেশব্যাপী হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

Thumbnail image

বগুড়ার গাবতলী উপজেলার বাগবাড়ীতে অবস্থিত জিয়াউর রহমান গ্রাম হাসপাতাল থেকে দেশব্যাপী হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ কার্যক্রমের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

আজ সোমবার দুপুরে হাসপাতাল প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে তিনি আনুষ্ঠানিকভাবে এ কর্মসূচির সূচনা ঘোষণা করেন। দিনব্যাপী বগুড়া সফরের অংশ হিসেবে প্রধানমন্ত্রী হাসপাতালটি পরিদর্শন করেন এবং পরিচালনা কমিটি, চিকিৎসক ও স্থানীয় প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করেন। একই অনুষ্ঠানে জাতীয় পর্যায়ে হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন করা হয়। এর ফলে সারাদেশে শিশুদের টিকাদান কার্যক্রম একযোগে শুরু হলো বলে সংশ্লিষ্টরা জানান।

স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তারা অনুষ্ঠানে জানান, শিশুদের হাম ও রুবেলা রোগ থেকে সুরক্ষা দিতে নিয়মিত টিকাদানের পাশাপাশি বিশেষ ক্যাম্পেইনের আয়োজন করা হয়েছে। দেশের বিভিন্ন জেলা, উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে নির্ধারিত কেন্দ্রগুলোতে এই টিকা প্রদান করা হবে।

প্রধানমন্ত্রী বক্তব্যে শিশুস্বাস্থ্য সুরক্ষায় টিকাদান কর্মসূচিকে সরকারের অন্যতম সফল উদ্যোগ হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, প্রতিটি শিশুকে টিকার আওতায় আনতে হবে এবং কোনো শিশু যেন বাদ না পড়ে সে বিষয়ে মাঠপর্যায়ের কর্মীদের সতর্ক থাকতে হবে।

অনুষ্ঠানে স্বাস্থ্যখাত সংশ্লিষ্টরা বলেন, হাম একটি অত্যন্ত সংক্রামক ভাইরাসজনিত রোগ, যা শিশুদের জন্য ঝুঁকিপূর্ণ। অন্যদিকে রুবেলা গর্ভবতী নারীর জন্যও জটিলতা তৈরি করতে পারে। তাই সময়মতো টিকা নিশ্চিত করা জনস্বাস্থ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। জিয়াউর রহমান গ্রাম হাসপাতাল প্রাঙ্গণে সকাল থেকেই মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। স্থানীয় নারী-পুরুষ, শিশুদের অভিভাবক, স্বাস্থ্যকর্মী ও রাজনৈতিক নেতাকর্মীরা অনুষ্ঠানে অংশ নেন। নিরাপত্তা নিশ্চিতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের তৎপরতা দেখা যায়।

স্থানীয়রা বলছেন, রাজধানীর বাইরে বগুড়ার একটি গ্রামীণ হাসপাতাল থেকে জাতীয় কর্মসূচির উদ্বোধন হওয়া জেলার জন্য বিশেষ গুরুত্ব বহন করে। এতে উত্তরাঞ্চলের স্বাস্থ্যসেবা অবকাঠামো ও জনস্বাস্থ্য কার্যক্রমে সরকারের অগ্রাধিকারও স্পষ্ট হয়েছে।

স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, সফল টিকাদান কর্মসূচির জন্য সচেতনতা বৃদ্ধি, পর্যাপ্ত টিকা সরবরাহ, প্রশিক্ষিত জনবল এবং নির্ভুল তথ্য ব্যবস্থাপনা জরুরি। এখন নজর থাকবে, এই ক্যাম্পেইনের মাধ্যমে কত দ্রæত দেশের সব লক্ষ্যভুক্ত শিশুকে টিকার আওতায় আনা যায়।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সম্পর্কিত