কুমিল্লা জেলা আইনজীবী সমিতি নির্বাচন

রিংকুর প্যানেলের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ বিএনপি-জামায়াত ১৩টি ও আওয়ামীপন্থীরা দুইটি পদে বিজয়ী

তাপস চন্দ্র সরকার
আপডেট : ০৩ এপ্রিল ২০২৬, ১৯: ৫৬
Thumbnail image

কুমিল্লা জেলা আইনজীবী সমিতির ২০২৬-২০২৭ সালের নির্বাচনে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কুমিল্লার সভাপতি এডভোকেট মো. কাইমুল হক রিংকুর প্যানেলের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ বিএনপি-জামায়াত ১৩টি ও আওয়ামীপন্থীরা দুইটি পদে বিজয়ী হয়েছেন। আজ শুক্রবার সকালে ওই ফল ঘোষণা করা হয়।

সমিতির ১৫ টি পদে গতকাল বৃহস্পতিবার ওই নির্বাচন হয়। নির্বাচনে ১ হাজার ২৮৭ জন ভোটারের মধ্যে ১ হাজার ২৫৩ জন ভোট দিয়েছেন। সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত একটানা ভোটগ্রহণ হয়। রাতভর ভোট গণনা শেষে ফল ঘোষণা হয়।

নির্বাচনে বিএনপি-জামায়াত সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেল নিরঙ্কুশ বিজয় অর্জন করেছে। ১৫টি পদের মধ্যে এই প্যানেল ১৩টি পদে বিজয়ী হয়েছে। অন্যদিকে আওয়ামী লীগ ও বাম ঘরানার নিরপেক্ষ প্যানেল বা স্বতন্ত্র প্যানেল দুইটি পদে বিজয়ী হয়েছে। তিনটি প্যানেল ( একটি প্যানেল আংশিক পদে নির্বাচন করে) থেকে ৩৪ জন প্রার্থী ছিলেন।

নির্বাচন পরিচালনা সাব কমিটির আহবায়ক জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট খন্দকার মিজানুর রহমান এবং সাব কমিটির সদস্য জেলা আইনজীবী সমিতির সহ-সাধারণ সম্পাদক এডভোকেট গাজী মো. নজরুল ইসলাম মানিক ও ট্রেজারার এডভোকেট মো. মজিবুল ইসলাম ভূঞা ওই ফল ঘোষণা করেন।

নির্বাচনে বিএনপি-জামায়াত সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেল থেকে বিজয়ী হয়েছেন সভাপতি পদে এডভোকেট মো. সহিদ উল্লাহ। তিনি পেয়েছেন ৬৪৭ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বি বিএনপির একাংশ জাতীয়তাবাদী আইনজীবী পরিষদ কুমিল্লা প্যানেলের এডভোকেট মো. ইউসুফ আলী পেয়েছেন ৩৪৯ ভোট। আরেক প্রার্থী এডভোকেট গোলাম ফারুক পেয়েছেন ২১০ ভোট। মো. সহিদ উল্লাহ জামায়াতের রাজনীতি করেন। তিনি এ নিয়ে টানা দুইবার বিজয়ী হয়েছেন। গতবার বিনা ভোটে নির্বাচিত হয়েছেন।

সহ-সভাপতির দুইটি পদে এডভোকেট মো. জাকির হোসেন পেয়েছেন ৬৫৭ ভোট ও এডভোকেট মো.আবদুল বাতেন মজুমদার পেয়েছেন ৫৭৯ ভোট। অপর তিন প্রার্থী যথাক্রমে এডভোকেট মো. মাহবুবুর রহমান ৪৯৪, মো. আবু ইউসুফ ৪০৩ ও মো. নুরুল হুদা কাজ পেয়েছেন ২০৩ ভোট পেয়েছেন।

সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন এডভোকেট মো. মাহাবুবুল হক খন্দকার ৭১০ ভোট পেয়ে নির্বাচিত হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বি নিরপেক্ষ প্যানেলের এডভোকেট মো নেয়ামতউল্ল্যা চৌধুরী (জামান) পেয়েছেন ৩৬৯ ভোট ও তৌফিক আহমেদ খন্দকার চৌধুরী পেয়েছেন ১৩৯ ভোট।

নিরপেক্ষ প্যানেল থেকে সহ-সাধারণ সম্পাদক পদে চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৩৮তম ব্যাচের সাবেক শিক্ষার্থী এডভোকেট মোহাম্মদ জাহাঙ্গীর আলম পেয়েছেন ৬৯১ ভোট পেয়ে নির্বাচিত হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী এডভোকেট মোহাম্মদ এনামুল হক সরকার পেয়েছেন ৪৮৯ ভোট ।

ট্রেজারার পদে এডভোকেট মো. আবু মুছা ভূঁঞা ৭৪০ ভোট পেয়ে জয়ী হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী এডভোকেট মোশারফ হোসেন টিটু পেয়েছেন ৪৬৬ ভোট।

লাইব্রেরি সেক্রেটারি পদে এডভোকেট মোহাম্মদ আবুল কাশেম (কমল) ৬১২ ভোট পেয়ে বিজয়ী হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী এডভোকেট মো. জহিরুল ইসলাম পেয়েছেন ৩৪২ ভোট।

এনরোলমেন্ট সেক্রেটারি পদে এডভোকেট মোহাম্মদ শাহজাহান ভূঁইয়া বিজয়ী হন ৬৬৫ ভোটে। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী এডভোকেট মো. হারুনুর রশীদ (সবুজ) পেয়েছেন ৫৪১ ভোট।

আইটি সম্পাদক পদে এডভোকেট মোহাম্মদ শাহআলম ৬৪২ ভোটে জয়ী হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী এডভোকেট ফারহানা সেলিম পেয়েছেন ৫৪৭ ভোট।

রিক্রিয়েশন সেক্রেটারি পদে এডভোকেট মো. সাইফুর রহমান (সায়েম) ৫৯০ ভোট পেয়ে নির্বাচিত হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী এডভোকেট মো.আশফাক উদ্দিন ঝোটন পেয়েছেন ৪৬৩ ভোট।

কার্যনির্বাহী কমিটির সদস্য পদে এডভোকেট মো. আবুল হাসনাত হিমেল ৮৮২ ভোট পেয়ে প্রথম হয়েছেন, এডভোকেট বেলাল হোসেন ৭২১ ভোট পেয়ে দ্বিতীয় হয়েছেন , এডভোকেট মো. সাইফুল ইসলাম ৭১৩ ভোট পেয়ে তৃতীয় ,এডভোকেট মো. ইসমাইল হোসেন ৭০৪ ভোট পেয়ে চতুর্থ হয়েছেন ও এডভোকেট মো. লোকমান হোসেন ৬৪০ ভোট পেয়ে পঞ্চম হয়েছেন।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সম্পর্কিত