বিতার্কিকরা চ্যাম্পিয়ন হলে সম্মানিত করব: কৃষিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
আপডেট : ০২ মে ২০২৬, ১৯: ০৪
Thumbnail image

কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বিতার্কিকদের উদ্দেশে বলেছেন, তোমরা জাতীয় পর্যায়ে রানার্সআপ হয়েছ। যদি চ্যাম্পিয়ন হতে পার-এখনই বলছি না, কী পুরস্কার দেব, তোমাদের সবাইকে সম্মানিত করা হবে।

তিনি অধ্যক্ষের উদ্দেশে বলেন, ভিক্টোরিয়া কলেজের বিতার্কিকরা কোথাও যেন অর্থ কষ্টে না পড়েন। অর্থের কারণে তারা যেন প্রতিযোগিতায় পিছিয়ে না পড়ে। বিষয়টি অবশ্যই আমাকে অবগত করবেন।

এ সময় তিনি বলেন, ভিক্টোরিয়া কলেজের জলাবদ্ধতা শিগ্গিরই নিরসন করা হবে। এ জন্য আমি প্রশাসনের লোকজনের সঙ্গে আলাপ করেছি। তারা আমাকে বলেছেন, একটি কালভার্ট হলে সমস্যা কমে যাবে।

আজ শনিবার কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ বিতর্ক পরিষদের আয়োজিত আন্ত:বিভাগ বিতর্ক প্রতিযোগিতায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, কলেজের জিয়া অডিটরিয়াম চুঁইয়ে পানি পড়ে। এখানে প্রবেশের পর সবাই ওপরের দিকে চেয়ে থাকে, কথা দিলাম, এ সমস্যাও আর থাকবে না।

তিনি বলেন, দেশের যত ডিপ টিউবওয়েল ও শ্যালো আছে, সবকটিকে সোলারের আওতায় আনার পরিকল্পনা করছে সরকার। এতে করে ডিজেলের চাহিদা থাকবে না এবং কৃষকের উৎপাদন খরচ কমে আসবে। এই পরিকল্পনায় সরকারের যত কোটি টাকা খরচ হয় তা বাস্তবায়ন করবে সরকার।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুমিল্লা ভিক্টোরিয়ার সরকারি কলেজের অধ্যক্ষ আবুল বাশার ভ‚ঁঞা। সঞ্চালনা করেন কলেজ শিক্ষক পরিষদ সম্পাদক গাজী মুহাম্মদ গোলাম সোহরাব হাসান।

এর আগে বিতর্ক প্রতিযোগিতায় কলেজের চারটি দলের রম্য বিতর্ক উপভোগ করেন মন্ত্রী।

ভিক্টোরিয়া সরকারি কলেজের অধ্যক্ষ মো. আবুল বাশার ভূঁঞার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাইফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক, কলেজের উপাধ্যক্ষ মো. আবদুল মজিদ প্রমুখ।

এ সময় আরও উপস্থিত ছিলেন আদর্শ সদর উপজেলা বিএনপির সভাপতি রেজাউল কাইয়ূম, সাধারণ সম্পাদক শফিউল আলম রায়হান, কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি মোহাম্মদ নিজাম উদ্দিন কায়সার। অনুষ্ঠানে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সম্পর্কিত