নতুন কুঁড়ি মেধাবী খেলোয়াড় খুঁজে বের করবে: কৃষিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
Thumbnail image

কৃষি ও মৎস্য-প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, নতুন কুঁড়ি মেধাবী খেলোয়াড় খুঁজে বের করবে। বর্তমান প্রজন্মকে খেলাধুলায় সম্পৃক্ত করতে সরকার বহুমুখী উদ্যোগ গ্রহণ করেছে। 'নতুন কুঁড়ি স্পোর্টস' আয়োজনের মাধ্যমে জেলা পর্যায় থেকে মেধাবী খেলোয়াড় খুঁজে বের করা সম্ভব হবে। যারা ভবিষ্যতে জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনে দেশের প্রতিনিধিত্ব করবে।

আজ শনিবার বিকেলে কুমিল্লার শহীদ ভাষা সৈনিক ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামের জিমনেসিয়ামে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ এর জেলা পর্যায়ের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। দেশের ৬৪ জেলায় একযোগে এই অনুষ্ঠান উদ্বোধন হয়। সিলেটে জাতীয় কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

মন্ত্রী বলেন, একটি দেশের সার্বিক উন্নয়নে খাদ্য, বস্ত্র, বাসস্থান ও শিক্ষার পাশাপাশি খেলাধুলার গুরুত্ব অপরিসীম। খেলাধুলা শুধু শারীরিক ও মানসিক বিকাশই ঘটায় না, বরং তরুণদের জন্য দ্রুত পরিচিতি ও সাফল্যের দ্বারও খুলে দেয়।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসক মো. ইউসুফ মোল্লা টিপু ও কুমিল্লা জেলা পুলিশ সুপার আনিসুজ্জামান।

এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক মো. মোস্তাক মিয়া, জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব মো. এমদাদুল হক ইমদু, প্রতিযোগিতার সদস্য সচিব ও জেলা ক্রীড়া কর্মকর্তা মো. বকতিয়ার রহমান গাজী, কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি উৎবাতুল বারী আবু, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম, আদর্শ সদর উপজেলা বিএনপির সভাপতি রেজাউল কাইয়ুম, সাধারণ সম্পাদক শফিউল আলম রায়হান।

উল্লেখ যে, গত ১৩ এপ্রিল থেকে ২৭ এপ্রিল পর্যন্ত নতুন কুঁড়ি স্পোর্টসের ৮টি ইভেন্ট যথা- ফুটবল, ক্রিকেট, কাবাডি, ব্যাডমিন্টন, দাবা, এ্যাথলেটিক্স, সাঁতার, মার্শাল আর্ট (কারাতে, জুডো, উশু, তায়কোয়ান্দ) এ কিশোর-কিশোরীদের রেজিস্ট্রেশন সম্পন্ন হয়। কুমিল্লা জেলায় সিটি কর্পোরেশন ও ১৭টি উপজেলা দলসহ মোট ১৮টি দলের পক্ষে ৩৫৮৭ জন রেজিস্ট্রেশন সম্পন্ন করে। বাছাই শেষে ৮টি ইভেন্টে ১৮টি দলে ২৫৯২ জন কিশোর কিশোরী প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে।

ভাষা সৈনিক শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে ফুটবল, ক্রিকেট, দাবা, এ্যাথলেটিক্স, জিমনেসিয়ামে কাবাডি, ব্যাডমিন্টন ও মার্শাল আর্ট (কারাতে, জুডো, উশু, তায়কোয়ান্দ), কুমিল্লা শিক্ষা বোর্ড পুকুরে সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। ২ মে উদ্বোধনের মধ্য দিয়ে শুরু হয়ে ১০ মে সমাপনীর মাধ্যমে ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬’ এর জেলা পর্যায়ের প্রতিযোগিতা শেষ হবে।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সম্পর্কিত