ঈদে প্রেক্ষাগৃহে চলছে ‘রাক্ষস’-এর উন্মাদনা

আমার শহর বিনোদন ডেস্ক
Thumbnail image

ঈদুল ফিতরের উৎসবমুখর পরিবেশে দেশের সিনেমা হলে বইছে দর্শকের ঢল। সেই আনন্দঘন আবহে মুক্তি পেয়েছে জনপ্রিয় চিত্রনায়ক সিয়াম আহমেদের বহুল প্রতীক্ষিত ডার্ক-থ্রিলার সিনেমা ‘রাক্ষস’। মুক্তির পর থেকেই সিনেমাটি ঘিরে দর্শকদের মাঝে তৈরি হয়েছে ব্যাপক উন্মাদনা।

প্রথম দিন থেকেই প্রেক্ষাগৃহগুলোতে দর্শকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। উপচেপড়া ভিড় এবং ইতিবাচক প্রতিক্রিয়ায় উচ্ছ্বসিত পুরো টিম, বিশেষ করে সিয়াম আহমেদ। দীর্ঘ প্রস্তুতির পর বড় পর্দায় তার ভিন্নধর্মী উপস্থিতি দর্শকদের বেশ মুগ্ধ করছে।

গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে সিয়াম বলেন, “আমরা এই দিনটার জন্য অপেক্ষা করি, কারণ সিনেমা তো দর্শকদের জন্যই বানানো। দর্শকদের ভালো লাগা, তাদের প্রতিক্রিয়াই আমাদের সবচেয়ে বড় প্রাপ্তি।

আমরা যেভাবে ‘রাক্ষস’ কল্পনা করে তৈরি করেছি, দর্শক সেটার সঙ্গে নিজেদের খুঁজে পাচ্ছেন-এটাই আমাদের জন্য সবচেয়ে আনন্দের।” সিনেমাটির প্রতি নিজের আস্থার কথাও তুলে ধরেন তিনি।

সিয়াম বলেন, “আমি শুরু থেকেই বলছিলাম, এটি শুধু আরেকটি বাণিজ্যিক চলচ্চিত্র নয়; এটি বাংলাদেশের সিনেমার জন্য নতুন এক মানদণ্ড হতে পারে। আলহামদুলিল্লাহ, সেটাই বাস্তবে দেখা যাচ্ছে। এতদিন সিনেমাটি আমাদের ছিল, এখন থেকে এটি দর্শকদের।”

তিনি আরও বলেন, “যারা প্রথম দিন হলে এসেছেন, তারা কিন্তু কোনো রিভিউ বা প্রতিক্রিয়া ছাড়াই এসেছেন। এর মানে তারা ‘রাক্ষস’-এর ওপর আস্থা রেখেছেন। এই বিশ্বাস থাকলে আমরা ভবিষ্যতেও আরও ভালো কিছু উপহার দেওয়ার চেষ্টা করব।”

দর্শকদের ইতিবাচক সাড়া, সামাজিক মাধ্যমে আলোচনা এবং প্রেক্ষাগৃহে ভিড়-সব মিলিয়ে ‘রাক্ষস’ এখন ঈদের সিনেমা উৎসবের অন্যতম আকর্ষণে পরিণত হয়েছে।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সম্পর্কিত