সরকার একটি পরিচ্ছন্ন, স্বাস্থ্যসম্মত ও আধুনিক নগরব্যবস্থা গড়ে তুলতে চায়: গৃহায়ন ও পূর্তমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
Thumbnail image

গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের বলেছেন, সরকার একটি পরিচ্ছন্ন, স্বাস্থ্যসম্মত ও আধুনিক নগরব্যবস্থা গড়ে তুলতে চায় । টেকসই উন্নয়ন ও পরিকল্পিত নগরায়ণের স্বার্থে পরিবেশসম্মত স্যানিটেশন ব্যবস্থার বাস্তবায়ন এখন সময়ের দাবি। সরকারের লক্ষ্য একটি পরিচ্ছন্ন, স্বাস্থ্যসম্মত ও আধুনিক নগরব্যবস্থা গড়ে তোলা, যেখানে উন্নয়ন ও পরিবেশ সংরক্ষণ সমান গুরুত্ব পাবে।

পরিকল্পিত, আধুনিক ও পরিবেশবান্ধব নগর গড়ে তুলতে ভবনে সেপটিক ট্যাংক, সোক ওয়েল এবং পয়ঃশোধনাগার (এসটিপি) স্থাপন নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়েছে। এ লক্ষ্যে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) গুলশান, বারিধারা, বনানী ও নিকেতন সোসাইটির বাসিন্দাদের সঙ্গে এক মতবিনিময় সভার আয়োজন করে।

গতকাল সোমবার রাজধানীর গুলশান সোসাইটি পার্কে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) আয়োজিত গুলশান, বনানী, বারিধারা ও নিকেতন এলাকার পয়ঃবর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে সংশ্লিষ্ট সোসাইটির সদস্যদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সভায় ভবনে আধুনিক ও কার্যকর স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিত করতে সেপটিক ট্যাংক, সোক ওয়েল ও এসটিপি স্থাপনের প্রয়োজনীয়তা, বাস্তবায়নের বিদ্যমান চ্যালেঞ্জ এবং তা মোকাবিলায় করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

সভায় গুলশান, বারিধারা, বনানী ও নিকেতন সোসাইটির প্রতিনিধিরা ভবনে পরিবেশসম্মত স্যানিটেশন ব্যবস্থা বাস্তবায়ন, নগর ব্যবস্থাপনার উন্নয়ন এবং পরিবেশ সংরক্ষণে বিভিন্ন মতামত ও সুপারিশ তুলে ধরেন।

সভায় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, একটি পরিচ্ছন্ন, পরিবেশবান্ধব ও বাসযোগ্য ঢাকা গড়ে তুলতে সরকার যেমন বিভিন্ন উন্নয়নমূলক উদ্যোগ বাস্তবায়ন করছে, তেমনি নাগরিকদেরও নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

সভায় প্রধান অতিথির বক্তব্যে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের সুমন জুলাই আন্দোলনের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং আহত যোদ্ধাদের দ্রুত সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করেন।

জাকারিয়া তাহের সুমন বলেন, গুলশান, বনানী, বারিধারা ও নিকেতন এলাকার পয়ঃবর্জ্য ব্যবস্থাপনাকে আরও কার্যকর করতে এসব এলাকার স্যুয়ারেজ নেটওয়ার্ক পাইপলাইনের মাধ্যমে দাশেরকান্দি স্যুয়ারেজ ট্রিটমেন্ট প্ল্যান্ট (এসটিপি)-এর সঙ্গে পর্যায়ক্রমে সংযুক্ত করার আশ্বাস দেন।

সভায় বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য দেন গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর এবং ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক মো. শফিকুল ইসলাম খান।

উন্মুক্ত আলোচনায় গুলশান, বনানী, বারিধারা ও নিকেতন সোসাইটির প্রতিনিধিরা এলাকার পয়ঃবর্জ্য ব্যবস্থাপনা, পরিবেশ সংরক্ষণ এবং অন্যান্য নাগরিক সেবা-সংক্রান্ত বিভিন্ন বিষয় তুলে ধরেন।

রাজউকের চেয়ারম্যান প্রকৌশলী মো. রিয়াজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও উপস্থিত ছিলেন ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক মো. আমিনুল ইসলাম, গুলশান সোসাইটির সভাপতি ওমর সাদাত, বনানী সোসাইটির সভাপতি শওকত আলী ভূঁইয়া (দিলন), বারিধারা সোসাইটির সভাপতি সাকিফ আরিফ তাবানী, নিকেতন সোসাইটির সভাপতি ডা. মো. আবুল বাশার।

সভার প্রথমে পাঁচটি বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা স্যুয়ারেজ ট্রিটমেন্ট প্ল্যান্ট (এসটিপি) প্রযুক্তি ও আধুনিক পয়ঃবর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে সংক্ষিপ্ত পাওয়ার পয়েন্ট উপস্থাপনা করেন।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সম্পর্কিত