মির্জা ফখরুলের সঙ্গে মনিরুল হক চৌধুরীর ছয় দশকের বন্ধুত্ব নিয়ে আবেগঘন পোস্ট

নিজস্ব প্রতিবেদক
আপডেট : ১৬ আগস্ট ২০২৬, ১৩: ২৭
Thumbnail image

এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা- ৬( সদর) আসনে বিএনপি থেকে দলীয় মনোনয়ন পেয়েছিলেন বর্ষীয়ান রাজনীতিবিদ বীর মুক্তিযোদ্ধা মনিরুল হক চৌধুরী। সদর আসনে চৌধুরীর মনোনয়নের পেছনে অন্যতম প্রভাবক ছিলেন বিএনপির তৎকালীন মহাসচিব ও বর্তমানে ভাবি রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এই আসনে বিএনপির মনোনয়ন পাওয়ার দাবিদার ছিলেন বর্তমান কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ ইয়াছিনের। দুইমাস মনোনয়ন পরিবর্তনের জন্য বিভিন্ন কর্মসূচি পালন করেও মনোনয়ন পরিবর্তন করা যায়নি। এর পেছনে ছিল ছয় দশকের বন্ধুত্ব, বিশ্বাস, আস্থা, সমমনা দর্শন, গভীর মমত্ববোধ।

সেই বন্ধু মনিরুল হক চৌধুরীর ধানমন্ডির বাসায় গতকাল শনিবার রাতে গেলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এ সময় উপস্থিত ছিলেন মানবজমিনের প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী, মনিরুল হক চৌধুরীর মেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইন্টারন্যাশনাল বিজনেস বিভাগের অধ্যাপক, বাংলাদেশ সরকারি কর্মকমিশনের সদস্য, জুলাই অভ্যুত্থানের সম্মুখ যোদ্ধা অধ্যাপক ড. চৌধুরী সায়মা ফেরদৌস শাম্মী।

সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী ফেসবুকে এ নিয়ে একটি পোস্ট দেন। এতে তিনি উল্লেখ করেন, "বন্ধুত্ব ৬৩ বছরের, তবুও বন্ধুত্ব আজও অমলিন।

সময়ের স্রোত বদলেছে, বদলেছে জীবনের অনেক গল্প, কিন্তু বদলায়নি বন্ধুত্বের সেই টান, বিশ্বাস আর ভালোবাসা।

ছয় দশকেরও বেশি সময় ধরে একসঙ্গে পথচলা, সুখ-দুঃখ ভাগ করে নেওয়া, অসংখ্য স্মৃতির সাক্ষী হওয়া এ যেন এক অনন্য বন্ধুত্বের গল্প।

সময় বয়স বাড়ায়, দূরত্ব তৈরি করে, কিন্তু সত্যিকারের বন্ধুত্ব হৃদয়ের দূরত্ব কখনো বাড়তে দেয় না।

৬৩ বছরের বন্ধুত্ব একটি সম্পর্ক নয়, এটি ভালোবাসা, আস্থা ও অগণিত স্মৃতির এক অমূল্য ইতিহাস।

গতকাল শনিবার রাতে মনিরুল হক চৌধুরীর ধানমন্ডির বাসায় ডিনার শেষে বিএনপির রাষ্ট্রপতি প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, মানবজমিন প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী, কুমিল্লা- ৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী ও তাঁর মেয়ে চৌধুরী সায়মা ফেরদৌস ছবি তোলেন।

মনিরুল হক চৌধুরী বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পর ছাত্র রাজনীতি করতে গিয়ে মির্জা ও মতির সঙ্গে পরিচয়। মির্জা ছাত্র ইউনিয়ন করতো। মতি ছাত্রলীগ। দুইজন আমার ভীষণ প্রিয়। দুই প্ল্যাটফরমে ওরা সফল। মির্জা বন্ধু। মতি ছোট ভাই। বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ করতাম আমি । ভিন্ন রাজনীতি করলেও হৃদয়ের বন্ধন ছিল আমাদের নিখুঁত। আমার পাশে ওদের সবসময় পেয়েছি।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সম্পর্কিত