পরিকল্পিত, আধুনিক ও বাসযোগ্য পরিবেশবান্ধব সিলেট নগর গড়ার আহবান জাকারিয়া তাহের সুমনের

নিজস্ব প্রতিবেদক
Thumbnail image

সিলেটকে পরিকল্পিত, আধুনিক ও পরিবেশবান্ধব নগর হিসেবে গড়ে তোলার লক্ষ্যেই সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ (সিউক) কাজ করবে বলে জানিয়েছেন গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী, কুমিল্লা- ৮(বরুড়া) আসনের সংসদ সদস্য জাকারিয়া তাহের সুমন।

গতকাল মঙ্গলবার দুপুরে সিলেট জেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের উদ্বোধনী অনুষ্ঠানে গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী এসব কথা বলেন।

এর আগে নগরের নাইওরপুল এলাকার হোটেল ফরচুন গার্ডেনে সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের অস্থায়ী অফিস উদ্বোধন করেন মন্ত্রী।

অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির।

গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের সুমন বলেন, ‘সিলেটকে পরিকল্পিত, আধুনিক ও পরিবেশবান্ধব নগর হিসেবে গড়ে তুলতে সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের (সিউক) কার্যক্রম ও কার্যালয়ের উদ্বোধন করা হয়েছে। সিলেট অর্থনীতি, পর্যটন ও প্রাকৃতিক সম্পদের গুরুত্বপূর্ণ কেন্দ্র হলেও অপরিকল্পিত নগরায়ণ, ঐতিহ্য সংরক্ষণ ও নাগরিক সুবিধা নিশ্চিত করা বড় চ্যালেঞ্জ।

তিনি বলেন, দ্রুত নগরায়ণের কারণে আবাসনের চাহিদা বাড়ছে। কৃষিজমি রক্ষা, শিল্পায়ন ও কর্মসংস্থানের সুযোগ তৈরির পাশাপাশি জমির সঠিক ব্যবহার নিশ্চিত করে পরিকল্পিত ও টেকসই শহর গড়ে তুলতে হবে। এ লক্ষ্যেই প্রতিটি সিটি করপোরেশন ও জেলায় মাস্টার প্ল্যান প্রণয়ন করা হচ্ছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী।

অনুষ্ঠানে গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর, সংসদ সদস্য এমরান আহমদ চৌধুরী, এম এ মালিক ও তাহসিনা রুশদীর লুনা উপস্থিত ছিলেন।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সম্পর্কিত