জাতীয় হাফেজ সম্মেলনে মনিরুল হক চৌধুরী

বিএনপি ক্ষমতায় গেলে মসজিদের খতিব ও মুয়াজ্জিনদের বেতন কাঠামো করা হবে

নিজস্ব প্রতিবেদক
Thumbnail image

কুমিল্লা-৬ (সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী মনিরুল হক চৌধুরী বলেছেন, সব ক্ষেত্রে কোরআন শিক্ষা বাধ্যতামূলক করা গেলে সমাজে পাপ, অন্যায়, অপরাধ ও নৈতিক অবক্ষয় উল্লেখযোগ্যভাবে কমে আসবে। একটি সুস্থ ও শান্তিপূর্ণ সমাজ গড়ে তুলতে প্রাথমিক স্তর থেকেই সন্তানদের নৈতিক ও ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করা অত্যন্ত জরুরি।

তিনি বলেন, বর্তমান সময়ের অপরাধ প্রবণতা, সামাজিক অস্থিরতা এবং মূল্যবোধের সংকট দূর করতে কোরআন ও সুন্নাহভিত্তিক শিক্ষার বিকল্প নেই। অভিভাবক, শিক্ষক ও সমাজের সব শ্রেণি-পেশার মানুষকে একযোগে নৈতিকতার সুরক্ষা ও বিকাশে ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।

আজ শনিবার সকালে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ মিলনায়তনে জাতীয় হাফেজ সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মনিরুল হক চৌধুরী বলেন, মসজিদের খতিব ও মুয়াজ্জিনরা সবচেয়ে অবহেলিত। দেশের সকল মসজিদের খতিব ও মুয়াজ্জিনকে সরকারী বেতনকাঠামোর মধ্যে নিয়ে আসতে হবে। আগামীতে বিএনপি সরকার গঠন করলে, দেশনায়ক তারেক রহমান প্রধানমন্ত্রী হলে ইনশাআল্লাহ এটা বাস্তবায়ন করা হবে। আলেম যে দলের, যে মতেরই হোক তাঁদের রক্ষা করা নিরাপত্তা দেয়া আমাদের সকলের দায়িত্ব।

বাংলাদেশ জাতীয় হাফেজ কল্যাণ সমিতির সভাপতি হাফেজ মাওলানা ইয়াসিন নুরী আল গাজীপুরীর সভাপতিত্বে জাতীয় হাফেজ সম্মেলনে অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মহানগর বিএনপির সাবেক আহ্বায়ক আমিরুজ্জামান আমির, জেলা তাঁতী দলের সদস্য সচিব মাহমুদুর রহমান পিটার, সদর দক্ষিণ উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট আক্তার হোসেন, হাফেজ কল্যাণ সমিতির মহাসচিব ক্বারী হুমায়ুন কবির সাংগঠনিক সম্পাদক মহসিন উদ্দিন বেলালী, অর্থ সম্পাদক হাফেজ ইজহারুল হক সিরাজী, বাংলাদেশ খতিব ফাউন্ডেশনের চেয়ারম্যান মুফতি শামিম মজুমদার, কুমিল্লা বাঁচাও মঞ্চের সদস্য সচিব নাসির উদ্দিন প্রমুখ।

সম্মেলনে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান হিসেবে পুরস্কার গ্রহণ করে ইবনে তাইমিয়া হিফজ বিভাগ। শ্রেষ্ঠ হাফেজ হিসেবে পুরস্কার পান হাফেজ মাওলানা ফরিদ আহমেদ ভুঁইয়া ও অধ্যাপক শাহাদাত হোসেন। শ্রেষ্ঠ শিক্ষক ইবনে তাইমিয়ার হিফজ বিভাগের শিক্ষক হাফেজ জয়নাল উদ্দিন আহমেদ।

এছাড়াও সম্মেলনে অন্যান্য প্রতিষ্ঠানের শ্রেষ্ঠ হাফেজদের বৃত্তি প্রদান করা হয়।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সম্পর্কিত