সাবেক সংসদ সদস্য বাহাউদ্দীনের বক্তব্যের বিরুদ্ধে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের প্রতিবাদ সভা

আইন মোকাবেলা করেই উনাকে বাংলাদেশে আসতে হবে: পিপি মো. কাইমুল হক রিংকু

নিজস্ব প্রতিবেদক
আপডেট : ০৮ জুন ২০২৬, ২১: ৫৫
Thumbnail image

কুমিল্লা-৬ আসনের আওয়ামী লীগ দলীয় সাবেক সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দীনের বক্তব্যের বিরুদ্ধে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের প্রতিবাদ সভা করেছে। আজ সোমবার দুপুরে জেলা আইনজীবী সমিতি কার্যালয়ে ওই সভা হয়।

এতে বক্তব্য রাখেন কুমিল্লার সরকারি কৌশুলি (পিপি) মো. কাইমুল হক রিংকু, ফোরমের সদস্য সচিব মো. শরীফুল ইসলাম, জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক কামরুল হায়াত খান, জেলার আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক খন্দকার মাহবুবুর রহমান।

পিপি মো. কাইমুল হক রিংক বলেন, আইন মোকাবেলা করেই উনাকে (বাহার) বাংলাদেশে আসতে হবে। মিথ্যা তথ্য দিয়ে দেশকে অস্থিতিশীল করা যাবে না। সারা বাংলাদেশে আপনার অপকর্মের দৃষ্টান্ত আছে। যদি সাহস থাকে দেশে এসে মোকাবেলা করুন। উনার বিরুদ্ধে অলরেডি একটা মামলার চার্জশিট হয়েছে। গত ১৭ বছরে উনার কথার বাইরে যারা গেছে তাদের ভোগান্তি পোহাতে হয়।

গত ৬ জুন সামাজিক যোগাযোগ ফেসবুক ব্যবহার করে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সঙ্গে সংশ্লিষ্ট আওয়ামী ফ্যাসিস্ট কুমিল্লার চিহ্নিত সন্ত্রাসী আ ক ম বাহাউদ্দীন বাহার কর্তৃক ঔদ্ধতপূর্ণ বক্তব্য প্রদান ও দেশের প্রচলিত আইনের প্রতি বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন ও জেলা আইন কর্মকর্তাগণের বিরুদ্ধে কথা বলার প্রতিবাদে ওই সভা হয়। প্রতিবাদ সভায় বিএনপির আইনজীবীরা ‘খুনি বাহারের চামড়া তুলে নেব আমরা’ সংবলিত স্লোগান দেন।

সভায় বক্তারা অভিযোগ করেন, তাঁর (বাহার) বক্তব্যে দেশের প্রচলিত আইনের প্রতি অবজ্ঞা প্রকাশ করা হয়েছে। জেলা আইন কর্মকর্তাদের বিরুদ্ধে মিথ্যা ও ভিত্তিহীন মন্তব্য করেছেন তিনি। তারা এ ধরনের বক্তব্যের তীব্র নিন্দা জানান এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

এদিকে গতকাল রোববার রাতে বাহারের বক্তব্য নিয়ে কুমিল্লা শহরের বিভিন্ন এলাকায় বিক্ষোভ মিছিল হয়েছে।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সম্পর্কিত