বার্ডে নিউ হোস্টেলের পুনর্মিলনী আজ

নিজস্ব প্রতিবেদক
Thumbnail image

বাংলাদেশের রাজনীতির বাঁকে এক নাম মনিরুল হক চৌধুরী। বর্তমানে নিউ হোস্টেল এলাকার সংসদ সদস্য তিনি। ১৯৬৫ সালে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের নিউ হোস্টেলের ১৪ নম্বর কক্ষের উচ্চ মাধ্যমিক শিক্ষার্থী ছিলেন তিনি। ১৯৬৬ সালের বাসদের কমরেড খালেকুজ্জামান ছিলেন এই হোস্টেলের শিক্ষার্থী। দেশের নামকরা অভিনেতা মাহফুজ আহমেদ। ১৯৮৫ সালে নিউ হোস্টেলের শিক্ষার্থী ছিলেন। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম এম শরীফুল করীমও এই হোস্টেলের ১৯৮৮ ব্যাচের শিক্ষার্থী। কেবল মনিরুল হক চৌধুরী, খালেকুজ্জামান মাহফুজ আহমেদ ও এম এম শরীফুল করীম নন, এ হোস্টেলের ১ হাজার ৫৯৩ শিক্ষার্থীকে নিয়ে প্রথম বারের মতো হচ্ছে পুনর্মিলনী। আজ রোববার সকাল আটটা থেকে রাত আটটা পর্যন্ত কুমিল্লার কোটবাড়িতে অবস্থিত বার্ড খেলার মাঠে ওই অনুষ্ঠান হবে।

নিউ হোস্টেল এলামনাই এসোসিয়েশনের উদ্যোগে এই অনুষ্ঠান হচ্ছে। অনুষ্ঠানের নাম দেওয়া হয়েছে ‘ নিউ হোস্টেল প্রথম গ্র্যান্ড রিইউনিয়ন’।

এসোসিয়েশনের আহবায়ক অধ্যাপক ডা. এস এম খোরশেদ আলম মজুমদার ও সদস্য সচিব ডা. মো. আতাউর রহমান জসীম বিষয়টি নিশ্চিত করেছেন।

আয়োজকেরা জানিয়েছেন, ১৮৯৯ সালে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ প্রতিষ্ঠা হয়। কুমিল্লা শহরের দক্ষিণ চর্থা মৌজার টমছমব্রিজ এলাকায় নিউ হোস্টেলের অবস্থান। এখানে দুইটি হোস্টেল আছে। একটি রবীন্দ্রনাথ, অন্যটি সোহরাওয়ার্দী। দুইটিকে একত্রে নিউ হোস্টেল বলা হয়। হোস্টেলের ভেতরে আছে পুকুর। পুকুরের পশ্চিম ও পূর্ব পাড়ে সোহরাওয়ার্দী ও উত্তরপাড়ে রবীন্দ্রনাথ। নব্বইয়ের দশকে দক্ষিণ পাড়ে বহুতল পাকা ভবন হয়। সময়ের পরিক্রমায় এখন পাকা ভবনে একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীরা থাকেন। অন্য ভবন গুলো পরিত্যক্ত ও জরাজীর্ণ। নিউ হোস্টেল ভিক্টোরিয়া কলেজের গ্রামের মেধাবী শিক্ষার্থীদের অন্যতম থাকার জায়গা। এক সময় এখানে শত শত শিক্ষার্থী থাকতো। এখন কমে এসেছে। থাকার মতো পরিবেশ নেই। এই হোস্টেলের জায়গার দিকে ক্ষমতাসীনদের চোখ। আওয়ামী লীগ আমলে রবীন্দ্রনাথ হোস্টেলের বিশাল জায়গা নিয়ে নেয় শিক্ষা প্রকৌশল অধিদপ্তর। এখন নিউ হোস্টেলের পশ্চিম পাশের বিশাল জায়গায় ইউটার্ন করতে চায় সিটি করপোরেশন। এতে করে উচ্চ মাধ্যমিকের শিক্ষার্থীরা ক্ষতিগ্রস্ত হবে বলে শিক্ষার্থীরা জানিয়েছে। এ অবস্থার মধ্য দিয়ে হচ্ছে প্রথম পুনর্মিলনী।

এইচএসসি ১৯৯৬ ব্যাচের শিক্ষার্থী তরুণ শিল্প উদ্যোক্তা মোহাম্মদ কামাল হোসেন বলেন, নিউ হোস্টেল আমাদের প্রাণ। আমাদের অস্তিত্ব। এখানে থেকে লাখো শিক্ষার্থী পড়াশোনা শেষ করেছে। আজ পুনর্মিলনী আমাদের অনেক চাওয়া পাওয়ার এক বর্ণিল আয়োজন।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সম্পর্কিত