ফয়জুন্নেছা স্কুলের প্রধান শিক্ষক হলেন রোকসানা

নিজস্ব প্রতিবেদক
আপডেট : ২৮ জুলাই ২০২৬, ২১: ০১
Thumbnail image

কুমিল্লা শহরের ঐতিহ্যবাহী নবাব ফয়জুন্নেছা সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক হয়েছেন রোকসানা ফেরদৌস মজুমদার।

আজ মঙ্গলবার শিক্ষ মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের সরকারি মাধ্যমিক শাখার সহকারী পরিচালক (মাধ্যমিক-১) এস এম জিয়াউল হায়দার হেনরী স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে ওই তথ্য জানানো হয়। আগামী ৪ আগস্টের মধ্যে তাঁকে ফয়জুন্নেছা স্কুলে যোগদান করতে হবে।

তিনি ২০২২ সালের ৮ নভেম্বর থেকে এখন পর্যন্ত কোটবাড়িতে অবস্থিত গভর্নমেন্ট ল্যাবরেটরি হাইস্কুলে প্রধান শিক্ষক পদে কর্মরত আছেন।

জানা গেছে, ২০০৫ সালের ১ ফেব্রুয়ারি রোকসানা ফেরদৌস মজুমদার সহকারী প্রধান শিক্ষক হিসেবে নোয়াখালীর বেগমগঞ্জ সরকারি পাইলট উচ্চবিদ্যালয়ে শিক্ষকতা পেশায় যোগদান করেন। পরবর্তীতে ২০০৫ সালের ৩১ অক্টোবর থেকে তিনি নবাব ফয়জুন্নেছা সরকারি বালিকা উচ্চবিদ্যলায়ে যোগদান করেন। এরপর ২০০৮ সালের ২৮ ফেব্রুয়ারি থেকে তিনি এ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ছিলেন। পরে ২০১০ সালের ৩০ ডিসেম্বর থেকে ২০২২ সালের ৮ নভেম্বর পর্যন্ত তিনি একটানা ফয়জুন্নেছা স্কুলে প্রধান শিক্ষিকা পদে কর্মরত ছিলেন। একই সঙ্গে মাধ্যমিক ও উচ্চশিক্ষা কুমিল্লা অঞ্চলের উপপরিচালকের দায়িত্বে ছিলেন ২০১৯ সালের ২৪ জুলাই থেকে ২০২২ সালের ১৩ নভেম্বর পর্যন্ত। তাঁর সময়ে ফয়জুন্নেছা স্কুল গণিত অলিম্পিয়াড, ভাষা প্রতিযোগসহ বিভিন্ন অলিম্পিয়াডে অসাধারণ সাফল্য দেখিয়েছে। ওই সময়ে বিদ্যালয়ের বিভিন্ন পরীক্ষার ফলাফল ছিল খুবই ভাল। বৃত্তি পেয়েছিল শত শত শিক্ষার্থী। সাংস্কৃতিক কার্যক্রমেও ছিল বেশ এগিয়ে। দক্ষ প্রধান শিক্ষক হিসেবে তাঁর সুনাম ছিল ছাত্রী ও অভিভাবকদের মধ্যে।

তিনি বাংলাদেশ সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতি কুমিল্লা (কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর ও লক্ষ্মীপুর জেলা) অঞ্চলের প্রথম নির্বাচিত সভাপতি ছিলেন।

তাঁর বাসা কুমিল্লা শহরের পুরাতন চৌধুরীপাড়া এলাকায়। তিনি ওই এলাকার অবসরপ্রাপ্ত নির্বাহী প্রকৌশলী মোখলেছুর রহমান মজুমদার ও গুলশান আরা চৌধুরীর বড় সন্তান। তাঁর স্বামী প্রাথমিক ও গণশিক্ষা অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগের বিভাগীয় উপপরিচালক মো. নুরুল ইসলাম।

জানতে চাইলে প্রধান শিক্ষিকা রোকসানা ফেরদৌস মজুমদার বলেন, আদেশ পেয়েছি। আগামী সপ্তাহে যোগদান করব। বিদ্যালয়ের পুরানো গৌরব ফিরিয়ে আনব।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সম্পর্কিত