১৫ দিন যাবত প্রধান শিক্ষিকা নেই নবাব ফয়জুন্নেছা স্কুলে

নিজস্ব প্রতিবেদক
Thumbnail image

১৫ দিন যাবত প্রধান শিক্ষিকা নেই কুমিল্লার নারী শিক্ষার প্রধান শিক্ষা প্রতিষ্ঠান নবাব ফয়জুন্নেছা সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ে। এতে করে কুমিল্লা জেলার নারী শিক্ষার প্রধান বিদ্যালয়ে সার্বিক কার্যক্রম ব্যাহত হচ্ছে। প্রধান শিক্ষিকা না থাকায় বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকেরা হতাশ। তাঁরা অবিলম্বে এ বিদ্যালয়ে একজন প্রধান শিক্ষিকা দেওয়ার জন্য শিক্ষামন্ত্রী ও মাউশির মহাপরিচালকের প্রতি আহবান জানিয়েছেন।

উপমহাদেশের একমাত্র মুসলিম নারী নওয়াব, সমাজসেবক ও শিক্ষা বিস্তারে অসামান্য ভূমিকা রাখা নওয়াব ফয়জুন্নেছার নামে এই বিদ্যালয়। এটি কুমিল্লা শহরের প্রাণকেন্দ্র বাদুরতলা এলাকায় অবস্থিত।

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা কুমিল্লা অঞ্চলের অফিস সূত্রে জানা গেছে, গত ২১ জুন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের ( মাউশি) সরকারি মাধ্যমিক শাখার সহকারী পরিচালক এস এম জিয়াউল হায়দার হেনরী স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে নবাব ফয়জুন্নেছা সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রাশেদা আক্তারকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়। ওএসডির পর একই সঙ্গে তাঁকে প্রেষণে রাজধানী ঢাকার রমনার বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান সিদ্ধেশ^রী বালিকা উচ্চবিদ্যালয়ে প্রধান শিক্ষিকা পদে বদলি করা হয়। এরপর গত ১৫ দিন ধরে কুমিল্লার নবাব ফয়জুন্নেছা সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ে প্রধান শিক্ষিকার পদ শূন্য।

নবাব ফয়জুন্নেছা সরকারি বালিকা উচ্চবিদ্যালয় ১৮৭৩ সালে প্রতিষ্ঠা হয়। বর্তমানে এ বিদ্যালয়ে শিক্ষকের পদ ৫৪ টি। এখানে প্রধান শিক্ষিকা নেই, সহকারী প্রধান শিক্ষক দিবা শাখা নেই। সম্প্রতি একজন শিক্ষককে চাঁদপুরের কচুয়া সরকারি পাইলট উচ্চবিদ্যালয়ে বদলি করা হয়। দুইজন শিক্ষক অবসরে যান। ছাত্রীর সংখ্যা দুই হাজার জন। দুই শিফটের স্কুল এটি। প্রভাতী শাখায় সহকারী প্রধান শিক্ষক আছেন। দিবা শাখায় নেই।

বিদ্যালয়ের অন্তত ১৫ জন অভিভাবক বলেন, দ্রæত প্রধান শিক্ষিকার পর পূরণ করা হোক। তাহলে বিদ্যালয়ে পাঠদান ও শৃঙ্খলা বজায় থাকবে।

বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক ( চলতি দায়িত্ব) সেলিনা আক্তার রোজী বলেন, ১৫ দিন যাবত প্রধান শিক্ষিকা নেই। আমি নিজ দায়িত্বের পাশাপাশি অতিরিক্ত দায়িত্ব পালন করছি।

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা কুমিল্লা অঞ্চলের পরিচালক অধ্যাপক মো. শহিদ উল্লা মজুমদার বলেন, মাউশি বিষয়টি অবহিত আছে। আমিও বিষয়টি ঊর্ধতন কর্তৃপক্ষকে জানাবো।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সম্পর্কিত