রোটারি বর্ষবরণে কুমিল্লায় বৃক্ষরোপণ কর্মসূচি

নিজস্ব প্রতিবেদক
Thumbnail image

নতুন রোটারি বর্ষকে স্বাগত জানিয়ে পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নের বার্তা ছড়িয়ে দিতে রোটারি ক্লাব অব কুমিল্লার উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার জগন্নাথপুর রোটারি চক্ষু হাসপাতাল প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়। এ সময় রোটারিয়ানরা নিজ হাতে চারা রোপণ করে পরিবেশ সুরক্ষা এবং টেকসই উন্নয়নে বৃক্ষের গুরুত্ব তুলে ধরেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- এসিস্টেন্ট কান্ট্রি কো-অর্ডিনেটর রোটা. পিপি ডা. তৃপ্তীশ চন্দ্র ঘোষ, রোটারি ক্লাব অব কুমিল্লার সভাপতি রোটা. জীবন কৃষ্ণ চক্রবর্তী, রোটা. পিপি ডা. ছৈয়দ জুলফিকার হায়দার, রোটা. পিপি মোহাম্মদ ইকবাল আমিন, রোটা. অ্যাডভোকেট মাসুদুর রহমান সিকদার, রোটা. মোহাম্মদ জহিরুল ইসলাম, রোটা. অ্যাডভোকেট আব্দুল কাদের তাহের এবং রোটা. মোহাম্মদ আব্দুল মান্নান।

বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তন, তাপমাত্রা বৃদ্ধি এবং পরিবেশগত সংকট মোকাবিলায় বৃক্ষরোপণ একটি কার্যকর ও সময়োপযোগী উদ্যোগ। একটি গাছ শুধু অক্সিজেন সরবরাহই করে না, বরং জীববৈচিত্র্য সংরক্ষণ, মাটির ক্ষয়রোধ এবং সুস্থ পরিবেশ নিশ্চিত করতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই সামাজিক আন্দোলনে পরিণত করে বৃক্ষরোপণ কার্যক্রমকে আরও বিস্তৃত করার আহবান জানান তারা।

তারা আরও বলেন, রোটারি ইন্টারন্যাশনালের মানবসেবামূলক কর্মকান্ডের পাশাপাশি পরিবেশ সংরক্ষণও এখন অন্যতম অগ্রাধিকার। নতুন রোটারি বর্ষের শুরুতেই এই বৃক্ষরোপণ কর্মসূচি সমাজের প্রতি দায়বদ্ধতা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ, নিরাপদ ও বাসযোগ্য পৃথিবী গড়ার প্রত্যয়ের প্রতীক।

অনুষ্ঠান শেষে রোপণ করা গাছগুলোর যথাযথ পরিচর্যা ও সংরক্ষণের অঙ্গীকার ব্যক্ত করেন অংশগ্রহণকারীরা। একই সঙ্গে ব্যক্তি, পরিবার ও সামাজিক প্রতিষ্ঠানগুলোকে নিয়মিত বৃক্ষরোপণ এবং পরিবেশবান্ধব কার্যক্রমে সম্পৃক্ত হওয়ার আহবান জানানো হয়।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সম্পর্কিত